শীতকালীন অলিম্পিক

২৪ বছর পর নারী ফিগার স্কেটিংয়ে খরা কাটল যুক্তরাষ্ট্রের

ক্যালিফোর্নিয়ার ২০ বছর বয়সী স্কেটার আলিসা লিউ প্রায় চার বছর আগে খেলা থেকে সরে গিয়েছিলেন। তিনি খেলায় ফিরবেন কি না, তা নিয়েও ছিল অনিশ্চয়তা

শীতকালীন অলিম্পিকে দারুণ প্রত্যাবর্তন ঘটল মার্কিন ফিগার স্কেটার আলিসা লিউয়ের। গতকাল রাতে ইতালির মিলানে অনুষ্ঠিত এবারের আসরে নারী একক ফিগার স্কেটিংয়ে স্বর্ণপদক জেতেন তিনি। এর মাধ্যমে ২৪ বছর পর প্রথমবারের মতো অলিম্পিকের এ বিভাগে চ্যাম্পিয়ন হলো যুক্তরাষ্ট্র। খবর দ্য গার্ডিয়ান।

ক্যালিফোর্নিয়ার ২০ বছর বয়সী স্কেটার আলিসা লিউ প্রায় চার বছর আগে খেলা থেকে সরে গিয়েছিলেন। তিনি খেলায় ফিরবেন কি না, তা নিয়েও ছিল অনিশ্চয়তা। কিন্তু ক্যারিয়ারের সেরা ‘লং প্রোগ্রাম’ উপহার দিয়ে জাপানের প্রতিদ্বন্দ্বী কাওরি সাকামোতো ও এমি নাকাইকে পেছনে ফেলেন তিনি।

ডোনা সামারের ‘ম্যাকআর্থার পার্ক স্যুট’ গানের তালে ঝলমলে সোনালি পোশাকে স্কেটিং করে লিউ সাতটি ট্রিপল জাম্পই নিখুঁতভাবে সম্পন্ন করেন, যার মধ্যে তিনটি ছিল কম্বিনেশন জাম্প। সব মিলিয়ে তিনি ২২৬ দশমিক ৭৯ পয়েন্ট অর্জন করেন। স্কেটিং রিংক ছেড়ে বের হওয়ার সময় লিউ বলেন, ‘এটাই আমি যা বলতে চেয়েছিলাম!’

২০০২ সালে সারা হিউজের পর আলিসা লিউ প্রথম মার্কিন নারী যিনি ব্যক্তিগত ফিগার স্কেটিংয়ে অলিম্পিক স্বর্ণ জিতলেন।

শেষের দিক থেকে তৃতীয় হিসেবে স্কেটিং করতে নেমে তিনি ১২ হাজার দর্শকসমৃদ্ধ অ্যারেনাকে যেন নিজের করে নেন আলিসা লিউ। শেষ মুহূর্তে তার লে-ব্যাক স্পিনের পর পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে।

আলিসা লিউ বলেন, ‘দর্শকদের উল্লাস শুনে আমি যেন তাদের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলাম। আবার সেখানে ফিরতে চাই।’

২০১৯ সালে মাত্র ১৩ বছর বয়সে মার্কিন ফিগার স্কেটিংয়ে সর্বকনিষ্ঠ জাতীয় চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসেন লিউ। পরের বছরও শিরোপা জেতেন। ২০২২ অলিম্পিকে অংশ নেন এবং একই বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন। এরপর ক্লান্তি ও মানসিক অবসাদকে কারণ দেখিয়ে হঠাৎ অবসর নেন।

প্রায় দুই বছর দূরে থাকার পর ২০২৩ সালের মাঝামাঝি ক্যালিফোর্নিয়ায় আবার অনুশীলন শুরু করেন তিনি।

আরও