আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ফাইনালে ওঠার হাতছানি বাংলাদেশের সামনে। এই সম্ভাবনা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে টাইগারদের জন্য ‘অনুপ্রেরণা’ হিসেবে কাজ করছে বলে জানালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সিলেটে ৫ নভেম্বর শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই দুটি ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজ খেলবে। এই ছয় ম্যাচের মধ্যে চারটিতে জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। আবার টেবিলের আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ চায় সেরা ছয়ে থেকে চক্রটা শেষ করতে। এই সমীকরণ সামনে রেখে মুখোমুখি হচ্ছে দুই দল।
বর্তমানে টেবিলের চার নম্বরে অবস্থান করছে বাংলাদেশ, যা অতীতের যেকোনো সময়ে চেয়ে সেরা। আজ সংবাদ সম্মেলনে ফাইনালে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে শান্ত বলেন, ‘এটা আমার জন্য চাপের নয়, বরং অনুপ্রেরণার (সেরা চারে থাকা)। এই সিরিজটা আমাদের চাপে ফেলছে না, কারণ আমরা যখন প্রস্তুতি শুরু করেছি তখন থেকে আমরা এটা নিয়েই কেবল আলোচনা করেছি যে, আমরা গত কয়েকটা সিরিজে কিংবা সাম্প্রতিক বছরগুলোতে কীভাবে খেলেছি।’
তিনি বলেন, ‘আমরা বাড়তি কিছু করতে চাই না। নিজেদের খেলাটাই খেলতে চাই, কাউকে অবিশ্বাস্য কিছু করতে বলছি না। গুরুত্বপূর্ণ সিরিজ বলে আমরা নিজেদের প্রক্রিয়াগুলো অনুসরণ করে খেলতে চাই এবং সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আমরা সেভাবেই খেলব যা আমাদের ইতিবাচক ফল এনে দিয়েছে।’
দুই দল এখন পর্যন্ত ২২ টেস্টে মুখোমুখি হয়েছে, যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ১৫টি ও বাংলাদেশ ৫টিতে জিতেছে, ড্র হয়েছে বাকি ২টি ম্যাচ। এটা দুই দলের ১২তম সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ ৮টি ও বাংলাদেশ ২টি সিরিজ জিতেছে, বাকি সিরিজটা ড্র হয়। মিরপুরে এটা দুই দলের পঞ্চম টেস্ট। আগের ৪ টেস্টের মধ্যে ক্যারিবীয়রা ৩টি ও বাংলাদেশ ১টি জিতেছে।
বাংলাদেশের মাঠে আগের ১০ টেস্টের মধ্যে ক্যারিবীয়রা ৭টি ও বাংলাদেশ ২টি জিতেছে, ১টি ম্যাচ ড্র হয়। মিরপুরে ২০২১ সালে সর্বশেষ ম্যাচে বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে দেয় অতিথি দলটি। এবার কি প্রতিপক্ষকে হারাবে পারবে নাজমুল হোসেনের উজ্জীবত দল?
সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে একমাত্র টেস্ট ড্র করে বাংলাদেশ, এরপর সেখানেই ত্রিদেশীয় সিরিজে দুটি ম্যাচেই হেরে বসেছে। এবার সামনে ওয়েস্ট ইন্ডিজ।
গুরুত্বপূর্ণ এ সিরিজের আগে বাংলাদেশ পাচ্ছে শীর্ষ পেসার তাসকিন আহমেদকে। সঙ্গে থাকছেন এবাদত হোসেন, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে। পেস অ্যাটাক নিয়ে শান্ত বলেন, ‘আমাদের পেস আক্রমণের ইতিবাচক দিক হলো, তারা প্রত্যেকেই নিজেদের ভূমিকা সম্পর্কে জানে। তারা জানে, কে কখন খেলবে। নির্দিষ্ট কন্ডিশনে কে খেলতে যাচ্ছে, সেটা তাদের জানা। এটা ভালো বিষয় যে, সিরিজের যেকোনো ম্যাচেই খেলার জন্য প্রত্যেকে তৈরি থাকে।’
বাংলাদেশের ধারাবাহিকতা নিয়ে অবশ্য প্রশ্ন থেকেই যায়। পাকিস্তানকে হোম সিরিজে ২-০তে হারানোর পর জিম্বাবুয়ের মাঠে একমাত্র সিরিজে ইনিংস ব্যবধানে হেরে যায় শান্তর দল। পরে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ডারউইন টেস্টে অজিদের হারায় তারা।