বাংলাদেশের আমন্ত্রণে নয়, অক্টোবর মাসে ঢাকায় বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে নিজেরাই আগ্রহ প্রকাশ করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) আনুষ্ঠানিকভাবে প্রস্তাবও দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। যদিও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানালেন, ব্রাজিলের ম্যাচ আয়োজনে যে বিপুল অর্থের প্রয়োজন তা খরচ করতে ইচ্ছুক নয় সরকার।
ঢাকায় ব্রাজিলের ম্যাচ আয়োজন করতে বড় অঙ্কের অর্থ খরচ হবে, যার সংস্থানে সরকারের দ্বারস্থ হয় বাফুফে। আজ মঙ্গলবার ঢাকায় বক্সিং ফেডারেশন আয়োজিত কোচেস ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী এক প্রশ্নের উত্তরে ব্রাজিলের সফর নিয়ে সরকার কোনো অর্থ ব্যয়ের মানসিকতায় নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘এক কথায় উত্তর দিলে, এই মুহূর্তে আমরা সরকারে পক্ষ থেকে এ ধরনের অর্থ ব্যয় করে, যেহেতু আপনারা জানেন বিদ্যুৎ-জ্বালানি বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সে ক্ষেত্রে আমরা একটি ম্যাচকে উপলক্ষ্য করে সরকারের পক্ষ থেকে এ ধরনের ব্যয় করার মতো মানসিকতা আমাদের ভেতরে নেই।’
তবে সরকারের বাইরের পৃষ্ঠপোষকদের সহযোগিতায় ব্রাজিলের ম্যাচ আয়োজন করলে সরকারের আপত্তি নেই বলে জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এ নিয়ে তিনি বলেন, ‘বাফুফের সঙ্গে যেহেতু কথা হয়েছে (ব্রাজিল প্রতিনিধি দলের), তারা যদি বিভিন্ন স্পন্সর এনে সেটাকে পরিপূর্ণতা দিতে পারে তাহলে আমরা সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব।’
ব্রাজিল দলের ঢাকা সফরের বিষয়ে ইতিবাচক বার্তা দেয়া এবং সরকারের কাছে বাফুফের সহযোগিতার প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টা (ব্রাজিলের ঢাকা আসার সম্ভাবনা) একদম প্রাথমিক পর্যায়ে আছে। বাফুফের সভাপতির (তাবিথ আওয়াল) সঙ্গে আমার কথা হয়েছে। আমরা প্রাথমিক আলোচনাই করেছি। ব্যয়ভার বহনসহ আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে এখনো খোলামেলা আলোচনা হয়নি।’
ব্রাজিল ফুটবল দল ঢাকায় এলে বাংলাদেশের ফুটবলে লাভ হবে কিনা? এমন প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, ‘আমরা যেটা বিশ্বাস করি, ব্রাজিল টিম যদি বাংলাদেশে আসে, এসে যদি আবার বাংলাদেশ টিমের সঙ্গে খেলে, তাহলে সেটা বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আমার বাংলাদেশের ফুটবল কতটুকু এগোবে এটার মাধ্যমে, এটা নিয়ে আমি খুব বেশি আশাবাদী না এই কারণে, ম্যাচ হবে, হয়তোবা বাংলাদেশ ব্রাজিলের সঙ্গে খেলবে, মানুষের যে প্রত্যাশা, সেটা হয়তোবা পূরণ হবে। দর্শকেরা হয়তোবা একটু আনন্দিত হবেন, কিন্তু ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আসবে এই বিষয়টার সঙ্গে আমি একমত না।’
পরিশেষে তিনি বলেন, ‘এটা একদমই প্রাথমিক পর্যায়ে আছে। এখনো বিশদভাবে আলোচনা হয়নি। আদৌ ব্রাজিল দল বাংলাদেশে আসবে কি না সেটা নিয়ে এখনো স্পষ্ট কোনো বার্তা নেই।’