ইংলিশ প্রিমিয়ার লিগের ৩৩তম আসর শুরু হলো। শুক্রবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে উদ্বোধনী ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড খেলেছে ফুলহ্যামের বিপক্ষে। এ ম্যাচে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে স্বাগতিকরা। গতকাল মাঠে নেমেছে লিভারপুল ও আর্সেনালের মতো শিরোপাপ্রত্যাশী দল। এদিকে আজ চেলসি-ম্যানচেস্টার সিটি আগুনে দ্বৈরথ। বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে চেলসির মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ডাচ ফরোয়ার্ড জসুয়া জার্কজি সদ্যই ৩৬ মিলিয়ন পাউন্ড খরচ করে কিনেছে ম্যানইউ। ২৩ বছর বয়সী জার্কজি ম্যানইউর জার্সিতে লিগে অভিষেক ম্যাচেই নায়ক। ৮৭ মিনিটে গোল করে তিনিই জেতালেন রেড ডেভিলদের।
মার্কো সিলভার দলটির বিপক্ষে কিছুতেই গোল পাচ্ছিল না ম্যানইউ। ঘণ্টাখানেক পেরোনোর পর জার্কজি ও আলেহান্দ্রো গারাঞ্চোকে মাঠে নামান ম্যানইউ কোচ এরিক টেন হ্যাগ। সিদ্ধান্তটি কার্যকরও হলো। এ জুটির কাছে অবশেষে হার মানল ফুলহ্যামের রক্ষণভাগ। ডান দিক থেকে ক্রস দিলেন আর্জেন্টাইন উইঙ্গার গারাঞ্চো, আর সেই বলটিকে নিচের কোনা দিয়ে জালে জড়ালেন ইতালির বোলোনা থেকে আসা জার্কজি।
ডাচদের যুগলবন্দিও বলা যায়। কোচ হলেন এরিক টেন হ্যাগ, গোলদাতা জার্কজিও ডাচ। এখানেই শেষ নয়, দলটির কোচিং স্টাফের সিনিয়র সদস্য হিসেবে আছেন রুদ ফন নিস্তেলরয়।
জয় শেষে ম্যানইউর কোচ টেন হ্যাগ বলেছেন, ‘সে ডাচ, ইংলিশ, রুশ কিংবা দক্ষিণ আমেরিকান হোক না কেন, সেটি কোনো ব্যাপার নয়। এটা ম্যানচেস্টার ইউনাইটেড। সে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় এবং তার মতো একজন তরুণ প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল করবে, সেটি দারুণ ব্যাপার।’
জার্কজির অনুভূতি ঝরল এভাবে, ‘আমাকে বলা হয়েছে, স্ট্রেটফোর্ডে গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডে আনন্দের উপলক্ষ বয়ে এনেছি। আমি কৃতজ্ঞ ও অত্যন্ত আনন্দিত এজন্য যে প্রথম ম্যাচেই গোল পেলাম। অবিশ্বাস্য অনুভূতি, অসাধারণ। স্বপ্ন সত্যি হলো।’
এদিকে, দুর্বল ফর্ম, চোট আর নিষেধাজ্ঞার মতো নানা সমস্যা নিয়েই আজ ম্যানসিটির মুখোমুখি হচ্ছে চেলসি। তিন ম্যাচের জন্য নিষিদ্ধ থাকায় চেলসি অধিনায়ক জেমস রিচের খেলা হচ্ছে না। তিনি আবার হ্যামস্ট্রিংয়ের চোট থেকেও সেরে উঠছেন। চেলসির হয়ে আজই প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হবে পেদ্রো নেতো ও কিয়েরান ডিউজবুরি-হলের। এদিকে, ম্যানসিটি পাবে না রদ্রিকে। ইউরো ২০২৪-এর ফাইনালে হ্যামস্ট্রিংয়ের চোট পান পেদ্রো, সেই চোট থেকে এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, বাম পায়ের গুরুতর চোট পাওয়ায় তিন থেকে চার সপ্তাহের জন্য ছিটকে পড়েছেন অস্কার বব। আজকের ম্যাচে অনিশ্চিত ইংলিশ তারকা জ্যাক গ্রিয়ালিশ। চোটের কারণে তিনি সম্প্রতি কমিউনিটি শিল্ড ম্যাচেও খেলতে পারেননি।
ম্যানসিটির সঙ্গেও চেলসির রেকর্ড বিবর্ণ। সর্বশেষ নয়বারের দেখায় তারা জয়হীন। সর্বশেষ জয়টি এসেছিল ২০২১ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। এরপর সাতটি ম্যাচ হেরেছে, ড্র করেছে দুটি। আর স্ট্যামফোর্ড ব্রিজে সর্বশেষ চারবারের সফরে ম্যানসিটি তিনটি জিতেছে, ড্র করেছে একটি ম্যাচ। গত মৌসুমে প্রিমিয়ার লিগে দুই দলের দুটি ম্যাচই ড্র হয়, যদিও সেই দুটি ম্যাচে মোট আট গোল হয়েছে।
ম্যানচেস্টার সিটি টানা চারবার লিগ শিরোপা জিতেছে। টানা পঞ্চম শিরোপার লক্ষ্যে আজ খেলতে নামছে তারা। প্রিমিয়ার লিগে ২৩ ম্যাচে অপরাজিত সিটিজেনরা। সর্বশেষ গত ডিসেম্বরে অ্যাস্টন ভিলার মাঠে ১-০ গোলে হেরেছিল গার্দিওলার দল। অপ্রতিরোধ্য এ দলটির সামনে আজ ব্লুজদের অগ্নিপরীক্ষা।