মেসির চোখ ২০২৬ বিশ্বকাপে, সিদ্ধান্ত নেবেন ফিটনেস দেখে

আমরা গতবার জিতেছি, এবং মাঠে নেমে সেটি রক্ষা করার সুযোগ পাওয়াটা হবে দারুণ।

আগামী বছর ইন্টার মায়ামির হয়ে প্রাক-মৌসুম শুরু হলে তিনি প্রতিদিন নিজের শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন। শতভাগ ফিট আছেন কিনা এবং দলের জন্য উপকারে আসতে পারবেন কিনা, তা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

আন্তর্জাতিক ফুটবলে প্রায় দুই দশক পার করেছেন। পায়ে লুটিয়েছে সম্ভাব্য সকল শিরোপা। কাতার বিশ্বকাপের পর তো তার মাথায় ‘সর্বকালের সেরার’ মুকুটও দেখেন অনেকেই। তবে এত এত অর্জনের পরও জয়ের ক্ষুধা কমেনি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপে খেলতে চান তিনি। তবে একইসঙ্গে স্বীকার করেছেন, তার বয়স (তখন ৩৯ বছর) ও শারীরিক সক্ষমতাই আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশনে তার ভূমিকা নির্ধারণ করবে।

এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি বলেন, বিশ্বকাপে থাকতে পারাটা অসাধারণ কিছু, এবং আমি সেটাই চাই। তিনি জানান, আগামী বছর ইন্টার মায়ামির হয়ে প্রাক-মৌসুম শুরু হলে তিনি প্রতিদিন নিজের শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন। শতভাগ ফিট আছেন কিনা এবং দলের জন্য উপকারে আসতে পারবেন কিনা, তা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

বিশ্বকাপকে 'স্বপ্নের মতো' উল্লেখ করে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, আমরা গতবার জিতেছি, এবং মাঠে নেমে সেটি রক্ষা করার সুযোগ পাওয়াটা হবে দারুণ।

মেসি সম্প্রতি মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তি ২০২৮ সাল পর্যন্ত বাড়িয়েছেন। এতে আপাতত মুছে গেছে তার দ্রুত অবসরের যাবতীয় জল্পনা।

বহু ক্লাব ও ব্যক্তিগত সাফল্যের পর, মেসি ২০২১ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে তার পেশাদার ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা পূরণ করেন। তিনি বেশ কয়েকবারই বিশ্বকাপ জয়কে ‘জীবনের স্বপ্ন’ বলে আখ্যা দিয়েছেন।

মেসি এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৯৫ ম্যাচে ১১৪ গোল করেছেন—দুটোই জাতীয় রেকর্ড। ২০২৬ বিশ্বকাপে অংশ নিলে সেটা হবে তার ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণ।

আরও