২০০৮ ও ২০১২ সালে ব্যাক-টু-ব্যাক ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করে স্পেন। ওই তিনটি বড় অর্জনে অবদান রেখেছেন কৃতী সেন্টার ব্যাক সার্জিও রামোস। পরে তিনি স্পেনের অধিনায়ক হিসেবেও খেলেছেন দীর্ঘ সময়। তবে স্পেনের জার্সিতে কি শেষ ম্যাচটি তিনি খেলে ফেলেছেন? ৩৬ বছর বয়সী রামোসকে কাতার বিশ্বকাপের স্কোয়াডে না রেখে হয়তো সেই বার্তাই দিয়েছেন স্পেন কোচ লুই এনরিকে।
শুক্রবার ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেন এনরিকে, যাতে নাম নেই বিখ্যাত ডিফেন্ডার, সাবেক অধিনায়ক রামোসের। ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত দীর্ঘ সময় রিয়াল মাদ্রিদে খেলেছেন রামোস। ৪৬৯ ম্যাচের অধ্যায় শেষে গত বছর তিনি নাম লেখান ফরাসি ক্লাব পিএসজিতে। মাদ্রিদ থেকে বিদায় হয়তো তার স্পেন দলের সমাপ্তিরেখাও টেনে দেয়। কেননা ২০২১ সালেই তিনি স্পেনের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন। এ বছর একটি ম্যাচেও তাকে ডাকেননি এনরিকে। ধরেই নেয়া হচ্ছিল যে রামোসকে বিশ্বকাপ স্কোয়াডে দেখা যাবে না। হলোও তাই। হয়তো ১৮০ ম্যাচের অধ্যায়েরও সমাপ্তি ঘটল।
সেন্টার ব্যাক হিসেবে খেললেও মাঝেমধ্যেই গোল করতেন রামোস। জাতীয় দলের হয়ে ২৩টি গোল করার কৃতিত্ব দেখিয়েছেন রামোস, যা অনেক স্ট্রাইকারের চেয়েও বেশি। আবার রিয়াল মাদ্রিদের হয়ে তার গোলসংখ্যা ৭২!
এছাড়া রিয়ালের হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও পাঁচটি লা লিগাসহ ২২টি শিরোপা জিতেছেন রামোস। পিএসজিতে যোগ দিয়ে প্রথম মৌসুমেই জিতেছেন লিগ শিরোপা।
এদিকে স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি থিয়াগো আলকানতারা ও ডেভিড ডে গিয়ার।