মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সামনে হারের মুখে পড়েছে বাংলাদেশ। স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে অলআউট হয়ে গেলে ওয়েস্ট ইন্ডিজ পায় ১৭০ রানের টার্গেট। এ টার্গেট তাড়া করতে নেমে বিনা উইকেটে ৬৪ রান তুলে নিয়েছে তারা। এরপর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। ক্যারিবীয়রা জয় থেকে আর ১০৬ রান দূরে।
৬ উইকেটে ৭৯ রান নিয়ে আজ শনিবার সকালে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। জাকের আলী ও নাঈম হাসান উভয়েই ১৮ রান নিয়ে আগের দিন অপরাজিত ছিলেন। জাকের আলী দিনের প্রথম ওভারেই বিদায় নেন। স্পিনার জোমেল ওয়ারিক্যানের করা ওভারের ষষ্ঠ বলে তিনি স্লিপে রোস্টন চেজকে ক্যাচ দেন (৮৪/৭)।
এরপর হাসান মাহমুদকে নিয়ে ২৬, তাইজুল ইসলামকে নিয়ে ১৭ ও শরিফুল ইসলামকে নিয়ে ১৫ রানের জুটি গড়ে দলের সংগ্রহটা দেড়শর কাছাকাছি নিয়ে যান নাঈম হাসান। ৯১ বলে ৫২ রান করে তিনি চেজের শিকারে পরিণত হন। চেজ ও ওয়ারিক্যানের ঘূর্ণির মুখে হার মেনে বাংলাদেশ অলআউট ১৪২ রানে। ইনিংসের আয়ু ছিল ৪৮.৪ ওভার।
রান তাড়া করতে নেমে ব্র্যান্ডন কিং (৫১ বলে ২৯*) ও জন ক্যাম্পবেল (৩৫ বলে ২৭*) দারুণ সূচনা এনে দেন ওয়েস্ট ইন্ডিজকে।