সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার রমিজ রাজা ও আসাদ আলী খান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বোর্ড অব গভর্নরস মনোনীত হয়েছেন।
আজ পাকিস্তানের আন্ত:প্রদেশ সমন্বয় বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। খবর ডন।
আজ শুক্রবার প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, পিসিবির পৃষ্ঠপোষক ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিন বছরের জন্য পিসিবির বোর্ড অব গভর্নরস হিসেবে মনোনীত করেছেন রাজা ও খানকে।
পিসিবির চেয়ারপার্সন এহসান মানির বর্তমান মেয়াদ শেষ হবে আগামী বুধবার। গুঞ্জন ওঠে, মানির জায়গায় রাজাকে মনোনীত করতে চলেছেন ইমরান খান। আবার মানিকে আরেক মেয়াদে দায়িত্ব গ্রহণের কথাও বলা হতে পারে বলে গুজব চলছিল। রাজা নিজেই পাকিস্তান সংবাদমাধ্যমকে বলেছেন, প্রধানমন্ত্রীর দফতর থেকে তাকে অবহিত করা হয়েছে যে, প্রধানমন্ত্রী তাকে মানির জায়গায় চেয়ারম্যান হিসেবে পছন্দ করেছেন। রাজা এও বলেন, শিগগিরই এ ব্যাপারে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি আসবে এবং তিনি পিসিবির নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান হতে চলেছেন। যদিও রাজা বোর্ড অব গভর্নরস মনোনীত হওয়ার মধ্য দিয়ে মানির আরেক দফায় চেয়ারম্যান থাকার বিষয়টি জোরালো হলো।
এ সপ্তাহের শুরুর দিকে মানি ও রাজা উভয়েরই সঙ্গে আলাদা আলাদা সাক্ষাত করেন ইমরান খান।
আজকের বিবৃতিতে বলা হয়, পিসিবির নির্বাচন কমিশনার বিচারপতি (অব.) আমজাদ সাঈদ পিসিবির ৩৬তম চেয়ারপার্সন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।