এ ম্যাচে জিতলেই তারা প্রথমবারের মতো উঠে যাবে এশিয়ান গেমস হকির মূল পর্বে।
বাছাইপর্বে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উজবেকিস্তান।
ছেলেদের বাছাইপর্ব উতরে এশিয়ান গেমসে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ। ছেলেদের ফিল্ড হকিতে অংশ নেবে মোট ১২টি দল। জাপান ছাড়াও খেলবে চীন, ভারত, মালয়েশিয়া, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ, চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া, ওমান, শ্রীলংকা ও উজবেকিস্তান।
আন্তর্জাতিক হকিতে যাত্রার শুরুতেই নজর কাড়ছে বাংলাদেশের মেয়েরা। ছেলেরা ১৯৭৮ সাল থেকে আন্তর্জাতিক হকি খেললেও মেয়েরা কেবলই শুরু করল। যাত্রাটা রঙিনই হলো তাদের। হকির আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে নেমেই প্রথম দুই ম্যাচে অপরাজিত থাকার কৃতিত্ব দেখাল তারা। এবার তাদের সামনে এশিয়ান গেমস হকির মূল পর্বে জায়গা করে নেয়ার হাতছানি।
চলতি বছর সেপ্টেম্বর ও অক্টোবরে জাপানের আইচি ও নাগোয়ায় বসছে পরবর্তী এশিয়ান গেমস। ওই গেমসের নারী হকিতে অংশ নেবে মোট ১০টি দল। স্বাগতিক জাপান ছাড়া ২০২২ সালের এশিয়ান গেমস হকির পারফরম্যান্স বিবেচনায় সুযোগ পেয়েছে চীন, ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড। বাকি ৪টি দল আসবে বাছাইপর্ব খেলে।