ঝিনাইদহের মহেশপুর উপজেলার নস্তি এলাকায় বাসের ধাক্কায় পিতা-পুত্র নিহত হয়েছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মহেশপুর উপজেলার মহেশপুর-ভৈরবা সড়কের নস্তি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-উপজেলার শিবানন্দপুর গ্রামের বাবা মহিদুল ইসলাম (৬৫) ও তার কলেজ পড়ুয়া ছেলে হাসিবুল ইসলাম (১৮)।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, শিবানন্দপুর গ্রামের মহিদুল ইসলাম ও তার ছেলে মহেশপুর সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি’র ছাত্র হাসিবুল ইসলাম শনিবার বিকেলে একই এলাকার সস্তার বাজারে একটি কাপড়ের দোকানে হালখাতা করতে যান।
সেখানে খাওয়া সেরে বাড়ি ফিরছিলেন। পথে মহেশপুর-ভৈরবা সড়কের ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মামুন পরিবহনর একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে পিতা-পুত্র গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ছেলে হাসিবুলকে মৃত ঘোষণা করে। পিতার শারিরীক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করে। পরে যশোর নেওয়ার পথে পিতার মৃত্যু হয়।