আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে আজ শুক্রবার প্রথম দিন ৮ উইকেটে ৩১৭ রান তুলেছে বাংলাদেশ।
সাদমান ইসলাম ও তানজিদ হাসান তামিম ১২৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন। ৭১ বলে ৮৩ রানের ঝলমলে ইনিংস খেলে বিদায় নেন তানজিদ। এরপর ৯০ বলে ৬০ রানের জুটি গড়েন সাদমান ও মুমিনুল হক। ১১১ বলে ৬৭ রান করে সাজঘরে ফিরে যান সাদমান।
সাবেক অধিনায়ক মুমিনুল ও বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে ইনিংসটা মেরামত করছিলেন। তারা ৩৭ রানের জুটি গড়ে দলের সংগ্রহ দুশ পার করান। এরপর হঠাৎ ছন্দপতন। স্কোরটা ২ উইকেটে ২২১ রান থেকে পরিণত হয় ২২৫/৫-এ। সাজঘরে ফিরে যান মুমিনুল (৩৯), মুশফিকুর রহিম (০) ও শান্ত (২৯)।
৫ উইকেট পতনের পর বিপদে হাল ধরেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ১৩০ বল খেলে ৬২ রান যোগ করেন দুজন। এরপর নাঈম হাসানকে নিয়ে বোর্ডে ১৬ রান যোগ করে দলকে তিনশ রান এনে দেন লিটন। এ সময় তার ফিফটিও পূর্ণ হয়। যদিও দলের তিনশ আর নিজের ফিফটির পরপরই তিনি আউট হয়ে যান ব্যক্তিগত ৫৩ রানে। পরে আরো এক উইকেট হারালে দিনশেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৩১৭/৮।