তানজিদের হাফ-সেঞ্চুরিতে প্রথম সেশন বাংলাদেশের

ওপেনার তানজিদ হাসানের হাফ সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম সেশন নিজেদের করে রেখেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ২৬ ওভারে ১ উইকেটে ১৩৪ রান করেছে টাইগাররা। ৮৩ রানে আউট হন তানজিদ।

আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সফরকারী বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ব্যাট হাতে নেমে বাংলাদেশকে ১৩৮ বলে ১২৪ রানের সূচনা এনে দেন দুই ওপেনার সাদমান ইসলাম ও তানজিদ। ৪১ বলে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেন তানজিদ। আগেরটি হাফ সেঞ্চুরির ইনিংসটি সেঞ্চুরিতে রূপ দিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার।

হাফসেঞ্চুরির পর নিজের ইনিংস বড় করেছেন তানজিদ। তবে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে আফগানিস্তান পেসার ইসমত আলমের শিকার হন তিনি। ৭১ বল খেলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রান করেন তানজিদ।

২৩তম ওভারের পঞ্চম বলে দলীয় ১২৪ রানে তানজিদ ফেরার পর মোমিনুল হককে নিয়ে ১০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের প্রথম সেশন শেষ করেন সাদমান।

সাদমান ৪১ ও মোমিনুল ৫ রানে অপরাজিত আছেন । আফগানিস্তানের ইসমত ১টি উইকেট নেন।

আরও