বড় সার্ভের জন্য প্রতিপক্ষের কাছে সুবিধা পেয়ে আসছিলেন এলেনা রিবাকিনা। ফাইনালেও এই অস্ত্রটি তাকে এগিয়ে রাখে এবং শেষ পর্যন্ত সার্ভেই এলো চ্যাম্পিয়নশিপ পয়েন্ট। শক্তিশালী এক সার্ভে ‘এইচ’ জিতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা নিশ্চিত করে ফেলেন ২৬ বছর বয়সী এলেনা রিবাকিনা।
অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে নতুন চ্যাম্পিয়ন এখন রিবাকিনা। আজ শনিবার ফাইনালে দুইবারের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে হারান তিনি। এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন কাজাখস্তানের এ খেলোয়াড়।
২০২২ সালে উইম্বলডন জয় করা রিবাকিনার এটা দ্বিতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা। তার হাতে ট্রফি তুলে দেন ২০০১ ও ২০০২ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জেনিফার ক্যাপ্রিয়াতি।
রিবাকিনা চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জেতার পর স্বভাবসুলভ মৃদু হেসে ও হাত নাড়িয়ে আনন্দ করেন। আরেক প্রান্তে ছিল রাজ্যের বিষণ্নতা। ফেভারিট হয়েও ফাইনালে হেরেছেন বেলারুশিয়ান তারকা। তিনি চারটি গ্র্যান্ডস্লাম শিরোপা জিতলেও সমানসংখ্যক ফাইনালে হেরেছেন। আজও তৃতীয় ও শেষ সেটে ৩-০ গেমে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত হেরেছেন তিনি!