অনুশীলনে ব্যাঘাত ঘটায় বিরক্ত আর্জেন্টিনার কোচ

বিশ্বকাপ ফাইনাল একেবারেই দোরগোড়ায়। আজ রাত ১টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। দুই ফাইনালিস্ট দলকে ঘিরে এখন আগ্রহ তুঙ্গে।

শুক্রবার দুই দলের শীর্ষ খেলোয়াড় ও কোচদের যোগ দিতে হলো ফিফা ও সম্প্রচার প্রতিষ্ঠানের নানা অনুষ্ঠানে। এতে অনুশীলন ব্যাহত হওয়ায় বিরক্তি প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার রাতে সংবাদ সম্মেলন ও অন্য সব অানুষ্ঠানিকতার জন্য বেশি সময় ছিল না অনুশীলনের জন্য। এতে খেদ ঝরল স্কালোনির কণ্ঠে। তিনি বলেন, ‘আমরা এখন কেবল বিশ্রাম নিচ্ছি। গত রাত ১১টার দিকে এখানে এসেছি। আজ আমরা এমন সময়ে অনুশীলন করতে বাধ্য হয়েছি, যেটা আমরা চাইনি। কিন্তু এ সংবাদ সম্মেলন এবং অন্যান্য অনুষ্ঠানের জন্য আমাদের অদ্ভুত, স্বল্প সময়ের একটা অনুশীলন সেশন করতে হয়েছে। যেখানে আমরা তেমন কিছুই করতে পারিনি।’

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলার পর আটলান্টায় থেকে গিয়েছিল আর্জেন্টিনা দল। সেখান থেকে নিউইয়র্কে এসে শুক্রবার দুপুরের গরমে অনুশীলন করতে হয় আর্জেন্টিনার খেলোয়াড়দের। ক্লান্তি কাটিয়ে ওঠার প্রয়োজন থাকলেও কড়া রোদে ঘাম ঝরানোর কোনো কারণ দেখেননি স্কালোনি। আর্জেন্টিনাকে ২০২২ সালে বিশ্বকাপ জেতানো এ কোচ বলেন, ‘আমরা বিশ্রামের দিকেই মনোযোগ দিচ্ছি। আমাদের কয়েকজন খেলোয়াড় এখনো শতভাগ ফিট নয়। আমরা দেখব তারা কী অবস্থায় আছে। আমরা নিজেদের শক্তি অনুযায়ীই খেলব, তবে দেখব প্রতিপক্ষের শক্তির দিক কোনটা।’

বিশ্বকাপ ফাইনালে স্পেনকে হারাতে হলে আর্জেন্টিনাকে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে বলে মন্তব্য করেছেন স্কালোনি। তার মতে, দুই দলই বল দখলে রেখে খেলতে পছন্দ করে। তাই শিরোপা নির্ধারণী ম্যাচে ছোট ছোট বিষয়ই পার্থক্য গড়ে দিতে পারে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত ডিসেম্বর থেকে আমরা সম্ভাব্য প্রতিপক্ষদের বিশ্লেষণ করছি। স্পেন টুর্নামেন্টে ধীরে ধীরে নিজেদের উন্নতি করেছে এবং ফ্রান্সের সর্বশেষ ম্যাচে সেরাটা দেখিয়েছে। জিততে হলে আমাদের সেরা নৈপুণ্য মাঠে দেখাতে হবে। আমাদের লক্ষ্য একটাই, শিরোপা।’

ভক্তদের আবেগ ছুঁয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তারা (আর্জেন্টাইন খেলোয়াড়) সমর্থকদের জন্যই খেলে।’ একই সঙ্গে খেলোয়াড়দের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করে এই দীর্ঘ পথচলাকে সবার জন্য উদাহরণ বলে মন্তব্য করেন তিনি।

আরও