বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ জানিয়েছেন, তিনি কাতার বিশ্বকাপের চেয়েও এবারের আসরটি অনেক বেশি উপভোগ করছেন। ম্যাচ-পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এবং পায়ের কাজ আগের চেয়ে উন্নত হয়েছে। রোববার মুখে হাসি নিয়ে তিনি ফাইনালে মাঠে নামবেন। খবর মুন্ডোস আলবেসিলেস্তে।
বিশ্বকাপ ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এমিলিয়ানো মার্টিনেজ বলেন, তার একমাত্র লক্ষ্য জয়। দলের এই অর্জন পুরো স্কোয়াডের এবং সেটিকে ভাষায় প্রকাশ করা কঠিন। ফাইনালের কথা ভাবলে অনেক সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বলেও জানান তিনি।
সতীর্থদের উদ্দেশ্যে মার্টিনেজের বার্তা, মুহূর্তটি উপভোগ করতে হবে এবং আনন্দ নিয়ে ম্যাচের প্রস্তুতি নিতে হবে। কারণ এ স্মৃতি সারাজীবন মনে থাকবে।
মার্টিনেজ মনে করেন, গোলরক্ষকের কাজ শুধু বল ঠেকানো নয়, বরং শান্ত থেকে দলের খেলোয়াড়দের মধ্যে নিরাপত্তা ও বিশ্বাসের বার্তা দেয়া। বর্তমানে অনেক শিশুকে গোলরক্ষক হতে দেখে তার ভালো লাগে। ১৫ বছর বয়স থেকে এএফএ-এর সদর দপ্তরে অনুশীলন করায় জাতীয় দলের সঙ্গে তার আত্মিক টান রয়েছে।
নিজেদের সাধারণ ও পরিশ্রমী পরিবারের সন্তান উল্লেখ করে মার্টিনেজ বলেন, সংবাদপত্রের পাতায় আসার চেয়ে কোচ ও সতীর্থদের বিশ্বাস অর্জন করা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
হাতের চোট প্রসঙ্গে মার্টিনেজ জানান, চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিলেও তিনি তা পিছিয়ে দিয়েছেন। চোটের কারণে প্রতিদিন ব্যথা হলেও নক আউটের পর থেকে তিনি স্বাভাবিকভাবে অনুশীলন করছেন এবং এখন অনেকটাই ভালো বোধ করছেন।