অ্যানফিল্ডে লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার স্বপ্ন ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। শনিবার নিজেদের ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টের কাছে ০-৩ গোলে বিধ্বস্ত হয়েছে আর্নে স্লটের ব্যর্থ দল। এই লজ্জাজনক পরাজয়ের পর লিভারপুল লিগ টেবিলের ১১তম স্থানে নেমে এসেছে। একই রাতে হেরেছে ম্যানসিটিও। নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে ২-১ গোলে হেরে পয়েন্ট টেবিলের তিনে এখন পেপ গার্দিওলার দল। অন্যদিকে, দিনের শুরুতে চেলসি বার্নলিকে ২–০ গোলে হারিয়ে উঠে এসেছে দ্বিতীয় স্থানে, শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে মাত্র তিন পয়েন্ট পেছনে।
মুরিলো, নিকোলো স্যাভোনা এবং মরগান গিবস-হোয়াইটের গোলে ভর করে নটিংহ্যাম ফরেস্ট ৬২ বছরের মধ্যে প্রথমবারের মতো অ্যানফিল্ডে লিগে টানা দুটি জয় নিশ্চিত করল। চলতি মৌসুমে লিভারপুলের এটা ষষ্ঠ পরাজয়।
ফরেস্টের প্রথম গোলটি আসে ৩৩ মিনিটের মাথায়। সদ্য সুস্থ হয়ে ফেরা লিভারপুল গোলরক্ষক আলিসনকে পরাস্ত করেন ডিফেন্ডার মুরিলো। বিরতির ৪৭ সেকেন্ড পরেই ফরেস্ট আবার আঘাত হানে। লিভারপুলের প্রাক্তন ডিফেন্ডার নিকো উইলিয়ামসের অ্যাসিস্টে ব্যবধান বাড়ান স্যাভোনা। গিবস-হোয়াইট তৃতীয় গোলটি করার পর হতাশ লিভারপুল ভক্তরা মাঠ ছাড়তে শুরু করেন।
শক্তভাবে ফিরে আসার পরিকল্পনায় ফের ধাক্কা খেলেন পেপ গার্দিওলা। হার্ভি বার্নস সাত মিনিটে দুটি গোল করে চমকে দেন সিটিকে। রুবেন দিয়াস সমতায় আনলেও ম্যাচ ঘুরিয়ে নিতে পারেনি গার্দিওলার দল। জয় পেয়ে নিউক্যাসল উঠে গেছে ১৪তম স্থানে। ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘আন্তর্জাতিক বিরতির পর এখানে খেলা সহজ না।‘
এদিকে, পেদ্রো নেতো ও এনজো ফার্নান্দেজের গোল চেলসিকে বার্নলির মাঠে এনে দেয় লিগে টানা তৃতীয় জয়। কোচ এনজো মারেস্কা বলেন, ‘কঠিন ম্যাচ ছিল, কিন্তু প্রতিপক্ষের কোনো স্পষ্ট সুযোগ ছিল না।‘ বার্নলি রয়ে গেছে ১০ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে।