নো মেসি, নো প্রবলেম! লিওনেল মেসিকে ছাড়াই প্রীতি ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে এমনটা বলতেই পারে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্কোরলাইন দেখে তেমনটা মনে না হলেও ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ জুড়েই ছড়ি ঘুরিয়েছে আলবিসেলেস্তেরা। কেবল প্রতিপক্ষ গোলরক্ষক হোসে কন্ট্রেরাসের অবিশ্বাস্য পারফরম্যান্সের কারণে গোলের সংখ্যা বাড়াতে পারেনি লিওনেল স্কালোনির শিষ্যরা। শেষ পর্যন্ত জিওভানি লো সেলসোর করা প্রথমার্ধের একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা।
ম্যাচটি ছিল একতরফা আক্রমণের গল্প। আর্জেন্টিনা গোলমুখে একের পর এক আক্রমণ শানিয়েছে, কিন্তু তাদের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ভেনেজুয়েলার ৩০ বছর বয়সী গোলরক্ষক কন্ট্রেরাস। তিনি একাই এ ম্যাচে ১০টি সেভ করেছেন, যার মধ্যে দ্বিতীয়ার্ধেই ছিল ছয়টি! তার বীরত্বেই বড় ব্যবধানে হার এড়িয়েছে ভেনেজুয়েলা। লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজদের প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে এই গোলরক্ষকের দৃঢ়তায়।
ম্যাচ জুড়ে গোলের সুযোগ নষ্টের হতাশায় ভুগলেও, প্রথমার্ধেই কাঙ্খিত গোলটি পায় আর্জেন্টিনা। জিওভানি লো সেলসোর করা সেই গোলটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
তবে গোলের সুযোগ নষ্ট করার চরম মূল্য প্রায় দিতেই হচ্ছিল আলবিসেলেস্তেদের। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার আর ১৫ মিনিটের কিছু বেশি বাকি, সে সময় বক্সের ভেতর থেকে ভেনেজুয়েলার কুইন্টেরো লিওনের শট ক্রসবারে লেগে ফিরে আসে! অল্পের জন্য সমতা ফেরানো হয়নি ভেনেজুয়েলার। তাদের হাহাকার আর্জেন্টিনা শিবিরে এনে দেয় স্বস্তি।
আর্জেন্টিনা তাদের পরবর্তী প্রীতি ম্যাচে আগামী ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে। অন্যদিকে, ভেনেজুয়েলা একই দিনে খেলবে বেলিজের বিপক্ষে।