অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।
উজবেকিস্তানের তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামের অনুশীলন মাঠে আজ (৮ অক্টোবর) ম্যাচের চতুর্থ মিনিটেই মোসাম্মৎ আলমিনার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। অবশ্য লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ১৮ মিনিটে রক্ষণভাগের ভুলে সমতায় ফেরে স্বাগতিকরা। আক্রমণে বেশি মনোযোগ দিতে গিয়ে বাংলাদেশের রক্ষণে ফাঁকা জায়গা তৈরি হয়ে যায়। সেই সুযোগে বাংলাদেশের গোলকিপারকে একা পেয়ে বল জালে পাঠান উজবেক ডিফেন্ডার ফারাঙ্গিজ লাকায়েভা।
দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে মরিয়া হয়ে ওঠে দুই দলই। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে (৯৩ মিনিট) বদলি হিসেবে নামা রুনা আক্তারের গোলে জয় পায় বাংলাদেশ।
‘এইচ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে উজবেকিস্তান ও ফিলিপাইন। গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ ম্যাচ ১১ অক্টোবর ফিলিপাইনসের বিপক্ষে।
আগামী বছর মার্চ-এপ্রিলে চীনে ১২ দলের এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ আসর বসবে। বাছাইপর্বে ৩০টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে লড়ছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল মূল পর্বে খেলবে। সরাসরি মূল পর্বে খেলবে আয়োজক চীন ও গত আসরের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ জাপান ও চতুর্থ হওয়া অস্ট্রেলিয়া।