আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে ফিফা আসিয়ান কাপের প্রথম আসর। ইন্দোনেশিয়া ও হংকংয়ে হবে আসিয়ান কাপ। টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ইন্দোনেশিয়ায়। টুর্নামেন্টের জন্য আজ মধ্য রাতে (রাত পৌঁনে ১২টা) ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। চোটের কারণে পুরো ফিট না থাকায় সেন্টারব্যাক তপু বর্মণকে দলে রাখেননি কোচ টমাস ডুলি।
২০১৮ সালের পর জাতীয় দলে ফিরেছেন সেন্টারব্যাক মঞ্জুরুর রহমান। প্রবাসী খেলোয়াড়দের মধ্যে ট্রায়ালে অংশ নিয়েছিলেন ইয়াসার তাহমিদ, দেবজিৎ সরকার, সাইফ কেরাওয়ালা, শুকি ইতোফুসা, জিদান ইউসুফ ও ইউসুফ আহমেদ। তাদের মধ্যে চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন শুকি ইতোফুসা ও জিদান ইউসুফ। ইংল্যান্ডের বোরহ্যাম উড এফসিতে খেলা ফারহান আলীও আছেন চূড়ান্ত দলে। তবে যুক্তরাষ্ট্র থেকে আসা ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার বাংলাদেশি বংশোদ্ভূত গোলরক্ষক সাইফ কেরাওয়ালা সুযোগ পাননি। তাকে নিয়ে কোচ বলেছেন, কিছু ঘাটতির কারণে এবার তাকে সুযোগ দেয়া যায়নি। তবে ভবিষ্যতে আবার ডাকা হবে।
ঢাকায় দলের ক্যাম্পে যোগ দেননি ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। তিনি ইন্দোনেশিয়ায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। সেই সঙ্গে শমিত সোম কানাডা থেকে আসবেন ইন্দোনেশিয়ায়। তারা দুজনই আছেন ২৩ জনের দলে।
আসিয়ান কাপে বাংলাদেশ খেলবে ডিভিশন-১-এর ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপ শুরু করবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ডুলির দল। গ্রুপ পর্বে শেষ ম্যাচে ১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া।
বাংলাদেশ স্কোয়াড
গোলকিপার: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ ও সুজন হোসেন। ডিফেন্ডার: তারিক কাজী, শাকিল আহাদ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, জিদান ইউসুফ, মঞ্জুরুর রহমান ও রহমত মিয়া। মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম ও শেখ মোরছালিন। ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, ফাহামিদুল ইসলাম, শুকি ইতোফুসা, রাকিব হোসেন, ফারহান আলী ও মিনহাজুল করিম।