আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না: তামিম ইকবাল

সম্প্রতি ফাঁস হওয়া তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে যে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পেছনে প্রভাব ছিল হাথুরুসিংহের। ওই দ্বন্দ্বের কারণেই তামিম হাথুরুর ঘটনা জনসম্মুখে নিয়ে আসেন।

ফারুক আহমেদকে বিসিবি সভাপতির পদ থেকে অপসারণের পর ফের সামনে এসেছে চন্ডিকা হাথুরুসিংহের বরখাস্ত প্রসঙ্গ। ২০২৩ ভারত বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ দলের তখনকার কোচ হাথুরুসিংহে ক্রিকেটার নাসুম আহমেদের গায়ে হাত তুলেছিলেন, এমন খবর মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তখনকার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড এ নিয়ে তদন্ত কমিটিও গঠন করে। যদিও সেই কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসেনি। ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েই বরখাস্ত করেছিলেন হাথুরুসিংহেকে। যা নিয়ে হাথুরুর মনেও ক্ষোভ আছে। এরই মধ্যে একটি গণমাধ্যমে তদন্ত কমিটির গোপন তথ্য ফাঁস হয়েছে। যেখানে বলা হচ্ছে, জাতীয় দলের অভ্যন্তরে ঘটে যাওয়া ঘটনাটি মিডিয়ায় ফাঁস করেছেন তামিম ইকবাল। সম্প্রতি ফাঁস হওয়া তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে যে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পেছনে প্রভাব ছিল হাথুরুসিংহের। ওই দ্বন্দ্বের কারণেই তামিম হাথুরুর ঘটনা জনসম্মুখে নিয়ে আসেন।

এই যখন আলোচনা। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুললেন তামিম ইকবাল। শুক্রবার (৬ জুন) ফেসবুকে রহস্যময় এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না! যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি, আমি কখনো আপনাদের সঙ্গে হাত মেলাব না। আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্য আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসব না, তবুও আপনাদের সঙ্গে হাত মেলাব না।

ভক্তদের উদ্দেশে লেখেন, ‘যারা আমার ভক্ত-সমর্থক ও বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, তাদের জন্য বলছি, কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত রিপোর্টে অভিযুক্ত হওয়া, দুটির মধ্যে ব্যবধান আকাশ-পাতাল। একজন ব্যক্তি তার ব্যক্তিগত ধারণার কথা বলেছেন তদন্ত কমিটিতে। সেটি তার ব্যাপার। সেই ব্যক্তি আগেও একটি টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন, নানা সময়ে নানা কিছু বলেছেন। আমি কখনো প্রকাশ্যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। শুধু এটুকু বলছি, তদন্ত কমিটির রিপোর্টে কোনো অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়নি এবং তথ্য ফাঁস করা সংক্রান্ত কোনো কিছু তারা আমাকে জিজ্ঞাসাও করেননি। আমি তো তখন দলেই ছিলাম না! তদন্ত কমিটির কাছেও একই রকম মনে হলে নিশ্চয়ই তারা একবার হলেও সেই প্রসঙ্গ তুলতেন বা আমাকে জিজ্ঞাসা করতেন!’

তিনি আরো লেখেন, ‘কোনো এক ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত কমিটির অভিযোগের মধ্যে যে বিশাল ব্যবধান আছে, আশা করি সবাই বুঝতে পারবেন। এই ব্যাপারটিকে যারা ভিন্নভাবে উপস্থাপন করছেন অসৎ উদ্দেশ্য নিয়ে, তাদেরকে আবারো বলছি, আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না। আমি হাত মেলাব না।’

আরও