আর বাকি ৯ দিন

টানা দুই আসরে বিপর্যয়ের পর ফিরবে কি জার্মানি

ঠিক এক যুগ আগে ব্রাজিলকে সেমিফাইনালে ৭-১ গোলে গুঁড়িয়ে ও ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে নেয় জার্মানি।

এরপর বিশ্বকাপ জায়ান্টদের অভাবনীয় পতন। ২০১৮ সালে রাশিয়ায় ও ২০২২ সালে কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় ঘটে তাদের। টানা তৃতীয়বারের মতো মাথা নিচু করে মাঠ ছাড়বে জার্মানরা, নাকি ফিরবে হারানো গৌরবে?

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অন্যতম সফল দল হিসেবে সমাদৃত জার্মানি। চারবার (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪) বিশ্বকাপ জিতে তারা ইতালির সঙ্গে যৌথভাবে দুইয়ে অবস্থান করছে। পাঁচবার বিশ্বকাপ জিতে রেকর্ডধারী ব্রাজিল। এছাড়া বিশ্বকাপে চারবার রানার্সআপ ও চারবার চতুর্থ হয় ‘জার্মান মেশিন’খ্যাত ফুটবল দলটি। এ দলই কিনা সর্বশেষ দুই আসরে শোচনীয়ভাবে ব্যর্থ হয়!

রোববার রাতে প্রীতি ম্যাচে ফিনল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে জার্মানি, যে ম্যাচে শীর্ষ তারকাদের বেশির ভাগকেই বিশ্রাম দেয়া হয়। আজ বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখতে যাচ্ছেন জসুয়া কিমিখরা। ৬ জুন শিকাগোতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। ১৪ জুন হিউস্টনে কুরাসাওয়ের বিপক্ষে প্রথম গ্রুপ ম্যাচ খেলবে হুলিয়ান নাগেলসম্যানের দলটি। এরপর ২০ জুন টরন্টোয় আইভরি কোস্টের বিপক্ষে ও ২৫ জুন নিউ জার্সিতে একুয়েডরের মুখোমুখি হবে তারা। দলটির বেজ ক্যাম্প হবে নর্থ ক্যারোলাইনায়।

ব্রাজিলের মাটিতে বিশ্বকাপ জয়ের পর রাশিয়ায় বিপর্যয় জার্মানরা মানতে পারছিলেন না। এরপর কাতারেও গ্রুপ পর্ব থেকে বিদায়ে জার্মান ফুটবলে যেন ভূমিকম্প হয়ে যায়। তখনকার কোচ হ্যানসি ফ্লিক এর পরও ছয় ম্যাচ দায়িত্ব পালন শেষে বিদায় নেন। জার্মানিকে স্বরূপে ফেরানোর দায়িত্ব বর্তে তরুণ হুলিয়ান নাগেলসম্যানের কাঁধে। তিনি একঝাঁক তরুণ ও সম্ভাবনাময় খেলোয়াড়কে নিয়ে নতুনভাবে শুরু করেন। ২০২৪ সালে ঘরের মাঠে ইউরো চ্যাম্পিয়নশিপ আসরে কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে যায় জার্মানি। ওই আসরে শিরোপা জিতে নেয় স্পেন।

জার্মানির জন্য স্বস্তির বিষয় বিশ্বকাপ শুরুর আগে দলের ফর্ম। দলগত নৈপুণ্য দেখিয়ে তারা ফিনল্যান্ডকে হারিয়েছে। দুর্দান্ত পারফর্ম করেন ডেনিজ উনদাভ। তিনি জোড়া গোল করার পাশাপাশি এক গোলে অ্যাসিস্ট করেন। জয় শেষে জার্মানির কোচ নাগেলসম্যান বলেন, ‘আমরা এ ফর্ম ধরে রাখতে চাই। আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো, আমাদের দেখে মনে হয় আমরা সবসময়ই গোল করতে সমর্থ।’

ইনজুরি থেকে ফিরে আসা জামাল মুসিয়ালা গোল করেছেন, যা জার্মান কোচকে আশাবাদী করে তুলেছে। টিনএজ খেলোয়াড় লেনার্ট কার্ল দারুণ পারফর্ম করেছেন। হ্যামস্ট্রিংয়ে চোট থেকে সেরে ওঠা ১৮ বছর বয়সী লেনার্টই বিশ্বকাপে নাগেলসম্যানের ‘তুরুপের তাস’।

বিশ্বকাপে জার্মানির সম্ভাবনা বাড়াতে অভিজ্ঞ গোলকিপার ৪০ বছর বয়সী ম্যানুয়েল নয়্যারকে ডেকেছেন নাগেলসম্যান। অবসরের দুই বছরের মাথায় তাকে বিশ্বকাপ স্কোয়াডে ডাকায় খানিকটা বিস্ময়ের সৃষ্টি হয়েছে। নয়্যারের বয়স আবার জার্মানির কোচের চেয়ে দুই বছর বেশি! নয়্যার ঢোকায় অলিভার বাউম্যানের একাদশে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। যদিও বাউম্যান ছিলেন বাছাইপর্বে জার্মানির ভরসার নাম।

২০১৪ সালে ব্রাজিলের মাটিতে বিশ্বকাপজয়ী দলের একমাত্র সদস্য হিসেবে ২০২৬ বিশ্বকাপ খেলবেন নয়্যার। এ নিয়ে পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বায়ার্ন মিউনিখ তারকা। তার ঝুলিতে রয়েছে জাতীয় দলের জার্সিতে ১২৪টি ম্যাচ খেলার অভিজ্ঞতা। আর এটা হবে কোচ নাগেলসম্যানের প্রথম বিশ্বকাপ!

নয়্যারকে নিয়ে নাগেলসম্যান বলেন, ‘সবাই জানে, সে কতটা অভিজ্ঞ খেলোয়াড়। দলের মধ্যে সে কোয়ালিটি নিয়ে আসবে। গোলকিপার নিয়ে আমাদের কোনো সমস্যা নেই।’

নয়্যারকে নেয়ার পর জার্মানি দলের গড় বয়স ২৭.৯৮ বছর, যা ২০০২ বিশ্বকাপের পর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। নয়্যারের বায়ার্ন সতীর্থ জসুয়া কিমিখ বিশ্বকাপে জার্মানিকে নেতৃত্ব দেবেন।

রাশিয়া ও কাতার বিশ্বকাপে শুরুতে মেক্সিকো ও জাপানের কাছে হেরে যায় জার্মানি। সেই দুর্দশা থেকে আর বের হতে পারেনি তারা। এবার শুরুতে নবাগত কুরাসাও বলে জার্মানির অঘটনের শিকার হওয়ার সম্ভাবনা ক্ষীণ। পরের দুই প্রতিপক্ষ আইভরি কোস্ট ও একুয়েডর অপেক্ষাকৃত শক্তিশালী হলেও ‘ই’ গ্রুপ থেকে নকআউট পর্বে ওঠা জার্মানির জন্য কঠিন হবে না। গ্রুপ পর্ব পেরোনোর মতো যথেষ্ট শক্তি জার্মানির রয়েছে।

আরও