এভারটনে নতুন বিনিয়োগের খোঁজে মালিক পক্ষ

এভারটন এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা কেবল এমন পক্ষগুলোর আগ্রহই বিবেচনা করব, যারা ক্লাবটিকে এগিয়ে নিয়ে যেতে এবং বর্তমান ধারাবাহিকতা ধরে রাখতে সঠিক অভিভাবক হতে পারবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব এভারটনের মালিকানা নিয়ে আবারো অস্থিরতা। ক্লাবের বর্তমান মার্কিন মালিক পক্ষ দ্য ফ্রেডকিন গ্রুপ (টিএফজি) শুক্রবার ঘোষণা করেছে, তারা ক্লাবের জন্য নতুন বিনিয়োগ কিংবা সম্ভাব্য বিক্রির পথ খুঁজছে।

টেক্সাসভিত্তিক ফ্রেডকিন গ্রুপ ২০২৪ সালের ডিসেম্বরে ক্লাবটি কিনেছে। এর মাধ্যমে ক্লাবটির সাবেক মালিক ফরহাদ মোশিরির আট বছরের মালিকানার অবসান ঘটেছিল। মোশিরির সময়ে বেশ অস্থির সময় পার করছিল এভারটন। তা থেকে উত্তরণের আশা করছিলেন ক্লাবটির সমর্থকরা। যদিও মাত্র দেড় বছরের মাথায় ফ্রেডকিন গ্রুপ ক্লাবটি বিক্রি করার কথা ভাবছে।

এভারটন এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা কেবল এমন পক্ষগুলোর আগ্রহই বিবেচনা করব, যারা ক্লাবটিকে এগিয়ে নিয়ে যেতে এবং বর্তমান ধারাবাহিকতা ধরে রাখতে সঠিক অভিভাবক হতে পারবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

এ ঘোষণার ফলে নয়বারের ইংলিশ চ্যাম্পিয়ন ও প্রিমিয়ার লিগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এভারটনকে ঘিরে আবারো নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগে মায়ামিভিত্তিক ব্যক্তিগত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘৭৭৭ পার্টনার্স’-এর সঙ্গে চুক্তি ভেস্তে যাওয়ার পর ফ্রেডকিন গ্রুপ যখন এভারটনের দায়িত্ব নিয়েছিল, তখন ক্লাবের মালিকানা নিয়ে দীর্ঘদিনের সংকটের অবসান ঘটেছিল। যদিও স্থায়ী সমাধান হচ্ছে না।

বিবৃতিতে আরো বলা হয়, ‘টিএফজি যখন এভারটনের অভিভাবকত্ব গ্রহণ করেছিল, তখন ক্লাবটি মাঠ ও মাঠের বাইরে মারাত্মক আর্থিক অনিশ্চয়তা ও চ্যালেঞ্জের মুখোমুখি ছিল। আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার ছিল ক্লাবের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় স্থিতিশীলতা, বিনিয়োগ ও সহায়তা দেয়া, যার মধ্যে সমর্থকদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নতুন স্টেডিয়াম নির্মাণের কাজ শেষ করাও অন্তর্ভুক্ত ছিল। সেই কাজের ভিত্তি স্থাপন হওয়ার পর এভারটনের সামনে এখন পরের অধ্যায়।’

ঘোষণাটি এমন এক সময় এল, যখন দলটির তারকা খেলোয়াড় ইলিমান নদিয়ায়কে বিক্রি করতে হয়েছে। এভারটনের ম্যানেজার ডেভিড ময়েস বিষয়টিকে ক্লাবের জন্য একটি ‘কঠিন গ্রীষ্ম’ হিসেবে বর্ণনা করেছেন।

মালিক পক্ষের এ সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে ডেভিড ময়েস বলেন, ‘আমি সত্যিই অবাক হয়েছি। কারণ তারা মাত্র দেড় বছর আগে দায়িত্ব নিয়েছিল। সাধারণত অধিকাংশ মালিক এর চেয়ে অনেক বেশি সময় ধরে থাকেন। আমি মনে করি, আমরা সবাই আশা করছিলাম তারা আগামী ২০-৩০ বছর এখানে থাকবে। আমি সত্যি বিশ্বাস করেছিলাম যে আমরা এমন এক নতুন মালিকানা পেয়েছি, যারা পুরোপুরি আমাদের সঙ্গে থাকবে।’

ফ্রেডকিন গ্রুপের অটোমোবাইল, বিনোদন, হসপিটালিটি, খেলাধুলা, অ্যাডভেঞ্চার ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন ব্যবসা রয়েছে, যার মধ্যে ইতালীয় ক্লাব এএস রোমাও অন্তর্ভুক্ত। এভারটন ক্লাবের জনপ্রিয়তা এতটাই যে গত মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে সঙ্গে নিয়ে দলটির খেলা দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। এমন একটি ক্লাব আবারো বিক্রির খবরে ফুটবল মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরও