চ্যাম্পিয়নস লিগ

ভালভার্দের ফার্স্ট হাফ হ্যাটট্রিকে উড়ে গেল ম্যান সিটি

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে মাত্র ২২ মিনিটের এক টর্নেডো হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন এই উরুগুয়ান তারকা। প্রথমার্ধেই ভালভার্দের ওই তিনটি গোল সিটির রক্ষণভাগকে এতটাই বিপর্যস্ত করেছে যে, কোয়ার্টার ফাইনালের স্বপ্ন এখন তাদের জন্য প্রায় ফিকে হয়ে গেছে।

সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারিতে তখন গগনবিদারী গর্জন, আর মাঠে চলছে ফেদেরিকো ভালভার্দে-শো। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে মাত্র ২২ মিনিটের এক টর্নেডো হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন এই উরুগুয়ান তারকা। প্রথমার্ধেই ভালভার্দের ওই তিনটি গোল সিটির রক্ষণভাগকে এতটাই বিপর্যস্ত করেছে যে, কোয়ার্টার ফাইনালের স্বপ্ন এখন তাদের জন্য প্রায় ফিকে হয়ে গেছে।

ম্যাচের শুরু থেকেই রিয়াল ছিল আগ্রাসী। যদিও ইনজুরির কারণে কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো এবং জুড বেলিংহামের মতো তারকাদের ছাড়াই মাঠে নামতে হয়েছিল আলভারো আরবেলোয়ার দলকে। অন্যদিকে, পূর্ণ শক্তির সিটি দলে আর্লিং হালান্ড ফিরে আসায় অনেকেই রিয়ালকে 'আন্ডারডগ' ভেবেছিলেন। কিন্তু মাঠের লড়াই শুরু হতেই পাল্টে যায় সব হিসাব।

থিবো কর্তোয়া এক নিখুঁত ডায়াগোনাল পাস ভালভার্দের উদ্দেশে বাড়ান আর শুরু হয় গোলের উৎসব। সিটির তরুণ রক্ষণভাগের ভুলে বল নিয়ে দোনারুমাকে ফাঁকি দিয়ে এক সরু কোণ থেকে লক্ষ্যভেদ করেন রিয়াল অধিনায়ক। এর কিছুক্ষণ পরেই ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে নিজের দ্বিতীয় এবং দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। বিরতির ঠিক আগে ভিনিসিয়াসের ক্রস থেকে মার্ক গুয়েহিকে বোকা বানিয়ে ভলিতে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ভালভার্দে। ৩-০ তে পিছিয়ে পড়ে গার্দিওলার সিটি তখন স্রেফ দিশেহারা।

দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস জুনিয়র একটি পেনাল্টি মিস না করলে ব্যবধানটা আরো বড় হতে পারত। তবে ৩-০ গোলের এই জয় রিয়ালকে কোয়ার্টার ফাইনালের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। ম্যানচেস্টার সিটি এখন খাদের কিনারায় দাঁড়িয়ে; আগামী মঙ্গলবার ফিরতি লেগে ঘরের মাঠে অবিশ্বাস্য কিছু করতে না পারলে তাদের বিদায় ঘণ্টা বেজে যাবে।

আরও