বিদ্যুৎ বিল বকেয়া পড়ায় ও পাম্প বিকল হওয়ায় দীর্ঘ ছয় বছর ধরে বন্ধ জেলার একমাত্র সুইমিংপুল। ফলে সাঁতার শেখা ও প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
জানা যায়, ২০০৭ সালে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সুইমিংপুলের নির্মাণকাজ শুরু হয়। কাজ শেষ হলে ২০০৮ সালের ৩ ফেব্রুয়ারি এটি উদ্বোধন করা হয়। এর ধারণ ক্ষমতা প্রায় সাড়ে চার লাখ গ্যালন পানি। জাতীয় ও আন্তর্জাতিক সাঁতারু চাঁদপুরের কৃতী সন্তান অরুণ নন্দীর নামে নামকরণ করা হয় সুইমিংপুলটির। উদ্বোধনের পর থেকে এ সুইমিংপুলে বিভিন্ন প্রতিযোগিতা ও সাঁতার নিয়মিত চলে এলেও ছয় বছর ধরে তা বন্ধ। দীর্ঘদিন ধরে সুইমিংপুলের পাম্প নষ্ট। পরিবেশ জরাজীর্ণ। সুইমিংপুলে পানি না থাকায় শুকিয়ে নষ্ট হয়ে গেছে টাইলসসহ বিভিন্ন অবকাঠামো।
সুইমিংপুলের পানির মেশিন চালু থাকাবস্থায় চাঁদপুর পৌরসভার কাছে ২৪ লাখ টাকা বিল বকেয়া পড়ে স্থানীয় বিদ্যুৎ বিভাগের। যে কারণে পানির মেশিনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। শুধু তা-ই নয়, সুইমিংপুলটি পুনরায় চালু করতে প্রয়োজন নতুন পানির মেশিন, মোটর ও অন্যান্য সরঞ্জাম। পুলের ভেতরে অপরিষ্কার-অপরিচ্ছন্ন।
সূত্র জানায়, বর্তমান সরকার সাঁতারে অধিক গুরুত্ব দেয়ায় জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে বিভিন্ন জেলায় সুইমিংপুল নির্মাণ করা হয়। তারই অংশ হিসেবে চাঁদপুরেও এ সুইমিংপুলটি নির্মাণ করা হয়। নাম দেয়া হয় অরুণ নন্দী সুইমিংপুল। সুইমিংপুলের প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় মানের সাঁতারু তৈরি ও খেলোয়াড়দের শারীরিক গঠনের উদ্দেশ্যেই পুলটি নির্মাণ করা হয়।
অরুণ নন্দী সুইমিংপুলটি দীর্ঘদিন অযত্ন-অবহেলায় পড়ে থাকায় চরম ক্ষুব্ধ ক্রীড়া সংগঠকরা। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ক্রীড়া সংগঠন ও খেলোয়াড়রা। এছাড়া সরকারের কোটি কোটি টাকা নষ্ট হওয়ায় ক্ষোভ জানিয়ে দ্রুত সংস্কারের দাবি খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের।
চাঁদপুর ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল বলেন, ‘চাঁদপুরের অনেক ছেলে-মেয়ে সাঁতার জানে না। আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণ করা হলেও তার কোনো কার্যক্রম নেই। সুইমিংপুলটি বছরের পর বছর ধরে বেহাল পড়ে আছে। সুইমিংপুলটি দায়িত্বহীনতার কারণে জরাজীর্ণ পড়ে আছে। এখন পুরো কার্যক্রম বন্ধ বললেই চলে। সুইমিংপুলটি সংস্কার করে আগের রূপে ফিরিয়ে আনার দাবি জানাই।’
চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম বলেন, ‘অরুণ নন্দী সুইমিংপুলটি বিভিন্ন কারণে বন্ধ রয়েছে। আমরা জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেছি। আর জেলা প্রশাসক এলজিইডি ও গণপূর্ত অধিদপ্তরের সঙ্গে কথা বলেছেন। তারা সুইমিংপুলটি সচল করতে নতুন করে একটি পানির মেশিন বসানোর চিন্তা করছেন।’
এ বিষয়ে অরুণ নন্দী সুইমিংপুলের প্রশিক্ষক জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাঁতারু বীর মুক্তিযোদ্ধা মো. সানাউল্লাহ খান বণিক বার্তাকে বলেন, ‘সুইমিংপুলটি বন্ধ হওয়ার আগ পর্যন্ত এখানে নিয়মিত প্রশিক্ষণ দেয়া হয়েছে। এখন যদি আমাকে একটি গভীর নলকূপ, মোটর ও বিদ্যুৎ বিলের সমস্যা সমাধান করে দেয়া হয় তাহলে আমি আবার প্রশিক্ষণ কার্যক্রম চালু করতে পারব।’
অরুণ নন্দী সুইমিংপুল একাডেমির সাধারণ সম্পাদক আবু পাটওয়ারী বলেন, ‘নানা জটিলতায় দীর্ঘদিন যাবত সুইমিংপুল বন্ধ ছিল। আবার চালু হবে। সুইমিংপুল চালু ও সংস্কারের জন্য এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করি শিগগিরই কাজ শুরু হবে।’
এ বিষয়ে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু বলেন, ‘সুইমিংপুল সংস্কারের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করি শিগগিরই পুলের উন্নয়নমূলক কাজ আরম্ভ হবে।’
পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল বলেন, ‘সুইমিংপুলের বিদ্যুৎ বিল বকেয়া আছে। তবে কীভাবে সুইমিংপুলটি চালু করা যায় সে বিষয়ে আলাপ চলছে। চালুর বিষয়ে আমরা পদক্ষেপ নেব।’