আইসিসির সঙ্গে বৈঠক

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো দেশে আয়োজনের জন্য আবারো অনুরোধ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। আইসিসির সঙ্গে গতকাল ভিডিও কনফারেন্সিংয়ে আলোচনার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের সিদ্ধান্তের কথা জানায় বিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোচনার সময় বিসিবি নিরাপত্তা ইস্যুতে ভারতে না যাওয়ার বিষয়ে আগের অবস্থানেই অনড় থাকার কথা জানায়। বোর্ড বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেয়ার বিষয়ে আবারো আইসিসিকে অনুরোধ করেছে। অন্যদিকে আইসিসি বলেছে টুর্নামেন্টের সময়সূচি এরই মধ্যে ঘোষণা করা হয়েছে এবং তারা বিসিবিকে তাদের অবস্থান পরিবর্তনের অনুরোধ করেছে। তবে উভয় পক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আইসিসির সঙ্গে হওয়া ওই বৈঠকে বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নেন।

এর আগে গত সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ইস্যুতে আইসিসির নিরাপত্তা বিভাগ ‘তিনটি আশঙ্কা’র কথা জানিয়ে চিঠি পাঠিয়েছে। পরে অবশ্য বিসিবি জানায়, এটি মূলত আইসিসি ও বিসিবির অভ্যন্তরীণ একটি আলাপের উদ্ধৃতি।

ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আগামী আইপিএল থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়া হয়। এ ঘটনার জের ধরে ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যাবে না বলে সিদ্ধান্ত নেয় বিসিবি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলংকা। ৭ ফেব্রুয়ারি ওই আসর শুরু হওয়ার কথা রয়েছে। সূচি অনুযায়ী, উদ্বোধনী দিনেই কলকাতায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ রয়েছে।

আরও