ইনফান্তিনোকে সরানো হবে ‘ভয়াবহ ভুল’, বললেন ট্রাম্প

ট্রাম্প লিখেছেন, যেকোনো কারণে ফিফা যদি প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোকে সরানোর কথা বিবেচনা করে, তাহলে তারা ভয়াবহ ভুল করবে

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রধানের পদ থেকে জিয়ানি ইনফান্তিনোকে সরানো হলে সেটি ‘ভয়াবহ ভুল’ হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর দ্য গার্ডিয়ান।

বিশ্বকাপের অংশীদারত্বের মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার ব্যর্থ পরিকল্পনার পর চাপের মুখে পড়েছেন ইনফান্তিনো।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে আজ ট্রাম্প বলেন, ফিফা প্রেসিডেন্টকে সরিয়ে দেয়া হবে বড় ধরনের ভুল সিদ্ধান্ত।

ট্রাম্প লিখেছেন, ‘যেকোনো কারণে ফিফা যদি প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোকে সরানোর কথা বিবেচনা করে, তাহলে তারা ভয়াবহ ভুল করবে।’

‘তিনি অসাধারণ। তার নেতৃত্বে এই পর্যন্ত সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন হয়েছে, আগের যেকোনো বিশ্বকাপের তুলনায় চার গুণ সফল। তিনি চলে গেলে এটি আর কখনো এতটা সফল বা লাভজনক হবে না!’

ইনফান্তিনোকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ নিজেদের উদ্যোগে প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে প্রাথমিক আলোচনা করেছে।

ইনফান্তিনোর বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ তুলেছে উয়েফা, এএফসি ও কনকাকাফ। সংস্থাগুলো তাকে আগামী বছরের মার্চে পুনর্নির্বাচনে অংশ না নিয়ে পদত্যাগ করার এবং সম্মানের সঙ্গে সরে যাওয়ার সুযোগ দিতে চায় বলে জানা গেছে। একই সঙ্গে চলমান সংকট থেকে নিজেদের দূরে রাখতে চায় তারা।

এর আগে ফিফার প্রতিযোগিতা বয়কটের হুমকিও দিয়েছিল উয়েফা।

ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি কোম্পানি গঠনের প্রস্তাবের জন্য ইনফান্তিনো ক্ষমা চেয়েছেন। কোম্পানিটি ফিফার টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক ও পরিচালনাগত কার্যক্রম পরিচালনা করবে এবং এর প্রায় ২০ শতাংশ অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার পরিকল্পনা ছিল। আর এ সম্ভাব্য বিনিয়োগ অংশীদারত্বে যুক্ত ছিলেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের পরিবার।

তবে উয়েফা, এএফসি ও কনকাকাফের প্রধানদের স্বাক্ষর করা একটি খোলা চিঠিতে ইনফান্তিনোর পরিকল্পনা নিয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানানো হয়েছে। যদিও চিঠিতে সুইস এ কর্মকর্তার নাম সরাসরি উল্লেখ করা হয়নি।

আরও