লা লিগার ৯৭ বছরের ইতিহাসে কখনই এল ক্ল্যাসিকোয় শিরোপা নির্ধারণ হয়নি। এবার তেমন ঘটনাই ঘটতে পারে। আগামী রোববার ন্যু ক্যাম্পে এল ক্ল্যাসিকোয় এক পয়েন্ট পেলেই টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা জিতে নেবে কাতালানরা।
গতকাল রোববার রাতেই শিরোপা উৎসব করতে পারতো বার্সেলোনার খেলোয়াড়রা। যদিও তাদের অপেক্ষায় রেখেছে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র জোড়া গোল করে এস্পানিওলের মাঠে রিয়ালকে জিতিয়েছেন ২-০ ব্যবধানে। এতেই বার্সার অপেক্ষা বেড়েছে।
বার্সার অপেক্ষা বাড়িয়েছেন ভিনিসিয়ুস। ছবি: এপি
৫৫ মিনিটে গনসালো গার্সিয়ার সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে এগিয়ে গিয়ে গোল করেন ভিনিসিয়ুস। এর ১১ মিনিট পর জুড বেলিংহ্যাম ফিরতি পাসটা দিয়েছিলেন ব্যাকহিলে, সেই পাস থেকে দারুণ এক গোল করেন ভিনিসিয়ুস।
রিয়ালের এই জয়ে বার্সার শিরোপা উৎসব অন্তত এক সপ্তাহ পিছিয়েছে। সেই সঙ্গে বার্সার একটা দ্বিধাও কেটে গেছে। এস্পানিওলের কাছে হারলেই রোববার এল ক্ল্যাসিকোয় নতুন চ্যাম্পিয়ন হিসেবে বার্সাকে ‘গার্ড অব অনার’ দিতে হতো রিয়ালের খেলোয়াড়দের।
৩৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।
রিয়ালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে থাকা বার্সার সামনে পয়েন্টের রেকর্ড গড়ার হাতছানি। ২০১২-১৩ মৌসুমে ১৫ পয়েন্টের ব্যবধানে শিরোপা জিতেছিল কাতালানরা, যেটি লা লিগায় রেকর্ড। পরের চারটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হয়ে যাবে ১০০, যা ২০১১-১২ মৌসুমে রিয়াল মাদ্রিদ ও ২০১২-১৩ মৌসুমে বার্সেলোনা অর্জন করেছিল। ম্যাচ জয়ের রেকর্ডও হতে পারে। এ মৌসুমে ৩৩টি জয় পাওয়ার সুযোগ রয়েছে। তারা মাত্র একটি ম্যাচ ড্র করেছে।