আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার (১৩ মে) তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের কথা জানিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়— নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি আহসানুল করিম। এছাড়া, সদস্য হিসেবে থাকবেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) উপ-সচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবিএম এহসানুল মামুন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—বিসিবির আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে প্রয়োজনীয় সকল কর্মকাণ্ড যথাযথ নীতিমালার মধ্যে থেকে দেখভাল করবে এই নির্বাচন কমিশন।
বিসিবির গত নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেয়া হয়েছিল পাঁচ সদস্যের তদন্ত কমিটির কাছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে সেই কমিটির প্রতিবেদন জমা দেয়ার পরই ভেঙে দেয়া হয় আমিনুল ইসলাম বুলবুলের কমিটি।
গত ৭ এপ্রিল বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়ে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি পদে তামিম ইকবালকে দায়িত্ব দেয়া হয়। ১০ জন সদস্যসহ মোট ১১ জনের নতুন কমিটি করে দেয় এনএসসি। সেই কমিটি জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার প্রতিশ্রুতি দেয়।