বিশ্বকাপ ফাইনালের কৌশলগত সমীকরণ বুঝতে একটি তথ্যই যথেষ্ট—স্পেন ও আর্জেন্টিনা, দুই দলই বলের দখলকে নিজেদের ফুটবলীয় পরিচয়ের মূল ভিত্তি হিসেবে গড়ে তুলেছে। অথচ নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামের ফাইনালে তাদের একজনকে দীর্ঘ সময় বল ছাড়াই খেলতে হবে। অর্থাৎ ট্রফির লড়াইটি শুধু কে বেশি সময় বল রাখবে, তা নয়; বরং বল হারানোর পর কে নিজের পরিচয় অক্ষুণ্ন রাখতে পারবে, সেটিই হয়ে উঠতে পারে ম্যাচের সবচেয়ে বড় প্রশ্ন।
দুই দলই অবশ্য এরই মধ্যে দেখিয়েছে, প্রয়োজনে বলের দখল ছেড়েও তারা জিততে পারে। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে টুর্নামেন্টে প্রথমবারের মতো অন্যান্য ম্যাচগুলোর তুলনায় তুলনামূলক কম দখল নিয়েও নিজেদের সবচেয়ে পরিপূর্ণ ম্যাচগুলোর একটি খেলেছে স্পেন। অন্যদিকে আর্জেন্টিনা বিশ্বকাপ শুরু করেছিল আলজেরিয়ার কাছে বলের দখলে পিছিয়ে থেকে। সেই ম্যাচে তাদের দখল ছিল ৪৪ দশমিক ৬ শতাংশ, কিন্তু জয় এসেছিল ৩-০ গোলে। আবার ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ৫৬ দশমিক ৫ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষকে মাত্র পাঁচটি শটে আটকে দিয়েছিল লিওনেল স্কালোনির দল।
তাই বলের প্রাথমিক লড়াইয়ে যে দল হারবে, তারা সঙ্গে সঙ্গে অস্বস্তিতে পড়ে যাবে—এমন ভাবার সুযোগ নেই। স্পেন সম্ভবত বেশি সময় বল রাখবে, কিন্তু আর্জেন্টিনা তাতে আতঙ্কিত হবে না। এই বাস্তবতা ফাইনালকে পরিণত করেছে আপসের কৌশলগত দ্বৈরথে। কে আগে নিজের স্বাভাবিক খেলা থেকে সরে প্রতিপক্ষের শর্তে খেলতে বাধ্য হয়, সেটিই গুরুত্বপূর্ণ। তবে বল ছাড়া খেলার পরিচয়ে দুই দলের মধ্যে রয়েছে মৌলিক পার্থক্য।
স্পেন সাত ম্যাচের ছয়টিতেই ৪-১-২-৩ ছকে খেলেছে। একমাত্র বেলজিয়ামের বিপক্ষে তারা ৪-২-৩-১ ব্যবহার করেছিল। রদ্রি একক পিভট, তার সামনে দানি ওলমো এবং পেদ্রি কিংবা ফাবিয়ান রুইজ—এই মধ্যমাঠের কাঠামোয় খুব বেশি পরিবর্তন আনেননি কোচ লুইস দে লা ফুয়েন্তে। তাদের পরিকল্পনা স্থির, মাঠের অবস্থান নির্দিষ্ট এবং প্রতিপক্ষের শেষ তৃতীয়াংশে জায়গা দখলের প্রবণতা প্রবল। ম্যাচভেদে মোট সময়ের ২৭ থেকে ৪০ শতাংশ পর্যন্ত স্পেন প্রতিপক্ষের শেষ তৃতীয়াংশে কাটিয়েছে।
স্পেনকে শুধু ধীরগতির পাসনির্ভর দল ভাবলেও ভুল হবে। তাদের গড় রক্ষণাত্মক অবস্থান নিজেদের গোললাইন থেকে প্রায় ৫০ দশমিক ৩ মিটার ওপরে। বলের গতি ও আক্রমণের উল্লম্বতাও প্রচলিত ধারণার চেয়ে অনেক বেশি। তারা শুধু পাস দিয়ে প্রতিপক্ষকে ঘুম পাড়ায় না; জায়গা তৈরি হলে দ্রুত সেই জায়গায় আঘাতও করে।
আর্জেন্টিনা ঠিক বিপরীত চরিত্রের। সাত ম্যাচে পাঁচটি ভিন্ন ছক ব্যবহার করেছেন স্কালোনি। আলজেরিয়ার বিপক্ষে ৪-৩-৩, অস্ট্রিয়া, মিসর ও সুইজারল্যান্ডের বিপক্ষে ৪-১-৩-২, জর্ডানের বিপক্ষে ৪-১-২-৩, কেপ ভার্দের বিপক্ষে ৪-৪-২ এবং ইংল্যান্ডের বিপক্ষে ৪-২-৩-১। নির্দিষ্ট একটি ছকে প্রতিপক্ষকে মানিয়ে নিতে বাধ্য করার বদলে আর্জেন্টিনা নিজেদের কাঠামোকেই প্রতিপক্ষ অনুযায়ী বদলায়।
তবে পরিবর্তিত কাঠামোর মধ্যেও একটি সূত্র অপরিবর্তিত থেকেছে। মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজের নিয়ন্ত্রণ এবং তাদের সামনে দুই লাইনের মাঝখানে লিওনেল মেসির স্বাধীন বিচরণ। আর্জেন্টিনার ছক কাগজে যাই হোক, বল পায়ে পেলে মেসির অবস্থানই শেষ পর্যন্ত তাদের আক্রমণের প্রকৃত মানচিত্র তৈরি করে।
ফাইনালের প্রথম বড় লড়াইটি তাই হবে স্পেনের চাপ বনাম আর্জেন্টিনার বল বের করে আনার দক্ষতা। বিশ্বকাপে সবচেয়ে আক্রমণাত্মক প্রেসিং করেছে স্পেন। প্রতিপক্ষকে গড়ে ৮ দশমিক ৯৪টি পাস দেয়ার পর তারা একটি রক্ষণাত্মক পদক্ষেপ নেয়, যা টুর্নামেন্টের সেরা পিপিডিএ। আর্জেন্টিনার ক্ষেত্রে সংখ্যাটি ১৩ দশমিক ৬। সংখ্যা যত কম, চাপ তত বেশি আক্রমণাত্মক।
স্পেনের মোট রক্ষণাত্মক কার্যক্রমের ৬২ দশমিক ৫ শতাংশই ঘটেছে মাঠের উঁচু অংশে। ফিফার তথ্য অনুযায়ী, বল হারানোর পর গড়ে মাত্র ১১ দশমিক ৫ সেকেন্ডে তারা পুনরুদ্ধার করেছে; কোনো কোনো ম্যাচে সময়টি নেমেছে ৯ দশমিক ৫ সেকেন্ডে। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে গড়ে ১১ দশমিক ২৩ সেকেন্ড পরপর বল পুনরুদ্ধার করেছিল স্পেন।
তবে তাদের প্রেসিং এলোমেলো দৌড় নয়। সেমিফাইনাল পর্যন্ত স্পেনের ৪৭৩টি চাপ প্রয়োগের এক-তৃতীয়াংশের বেশি কেন্দ্রীভূত ছিল মাঠের কেন্দ্রীয় করিডরে। তারা প্রতিপক্ষের সেন্টারব্যাককে শুধু তাড়া করে না; মাঝের পাসের পথ বন্ধ করে বলকে দুই পাশে পাঠাতে বাধ্য করে। ফ্রান্সের বিপক্ষে তাদের ১৮০টি চাপ প্রতিপক্ষের আক্রমণকে বাইরের দিকে ঠেলে দিয়েছিল, ভেতরে ঠেলার সংখ্যা ছিল মাত্র ৪৭। এই পরিকল্পনায় রদ্রি কেন্দ্র বন্ধ রাখেন, আর ওলমো, পেদ্রি কিংবা ফাবিয়ান সামনের পাসের পথগুলো সংকুচিত করেন।
স্পেনের সামনে অপেক্ষা করছে সম্ভবত এই বিশ্বকাপের সবচেয়ে চাপ-সহনশীল দল। উচ্চ প্রেসিংয়ের মধ্যেও আর্জেন্টিনা ৯৭ দশমিক ৬ শতাংশ পাস সম্পন্ন করেছে, যা টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ। পারেদেসের সামগ্রিক পাস সফলতা ৯৫ শতাংশ, এনজোর ৯৩ শতাংশ। জর্ডান এক ম্যাচেই ৪৭১ বার চাপ প্রয়োগ করেও আর্জেন্টিনাকে আটকে রাখতে পারেনি। সেই ম্যাচ ৩-১ গোলে জয়ের পাশাপাশি দ্রুততম বল পুনরুদ্ধারের একটি পারফরম্যান্সও দেখিয়েছিল আলবিসেলেস্তারা।
কিন্তু এখানেই স্কালোনির বড় দুশ্চিন্তা। আর্জেন্টিনা প্রতি ম্যাচে গড়ে ৬ দশমিক ৪৩টি বিপজ্জনক জায়গায় বল হারিয়েছে, যা স্পেনের ৩ দশমিক ৫৭টির প্রায় দ্বিগুণ। নিজেদের পেনাল্টি এলাকার কাছাকাছি বল হারালে আর্জেন্টিনার রক্ষণও অরক্ষিত হয়ে পড়ে। স্পেন আবার প্রতি ম্যাচে গড়ে ৭ দশমিক ২৯টি বিপজ্জনক পুনরুদ্ধার এবং প্রতিপক্ষের অর্ধে ১৪ দশমিক ৭টি বল পুনরুদ্ধার করেছে।
ফলে ম্যাচের ভেতরের প্রথম ম্যাচটি হতে পারে আর্জেন্টিনার নিচ থেকে বল বের করার সময়। মিকেল ওয়ারজাবাল সামনে থেকে পারেদেস কিংবা এনজোর ওপর ঝাঁপাবেন, ওলমো বন্ধ করবেন কেন্দ্রীয় পাসের পথ। তখন আর্জেন্টিনাকে সিদ্ধান্ত নিতে হবে—এনজোর পায়ের মাধ্যমে চাপ ভাঙবে, নাকি নাহুয়েল মোলিনা ও নিকোলাস তাগলিয়াফিকোর দিকে বল পাঠাবে। স্পেন চাইবে দ্বিতীয়টি। কারণ আর্জেন্টিনার ফুলব্যাকদের মাধ্যমে আক্রমণ পরিচালনা করাতে পারলে মেসিকে কেন্দ্র থেকে বিচ্ছিন্ন করার সুযোগ বাড়বে।
দুই দল প্রতিপক্ষের রক্ষণরেখা ভাঙেও ভিন্নভাবে। স্পেন ভাঙে পাস ও অফ দ্য বল দৌড়ে। তারা টুর্নামেন্টে ৩১৯টি পাসের মাধ্যমে ৩৭৮টি প্রতিপক্ষের লাইন ভেঙেছে। দুই লাইনের মাঝখানে দিয়েছে ১৩১টি থ্রু পাস, প্রতি ম্যাচে গড়ে সম্পন্ন করেছে ১৪০টি লাইন-ভাঙা কার্যক্রম। খালি জায়গায় তাদের খেলোয়াড়রা পাস পেয়েছেন ১৯৪ বার।
এই পাসিং কাঠামোর কেন্দ্র রদ্রি। তিনি ৯৩ শতাংশ সফলতায় ৬৯৪টি পাস দিয়েছেন। দুই সেন্টারব্যাক পাউ কুবারসি ও আয়মেরিক লাপোর্তেও শুধু বল সরিয়ে দেন না, সামনে লাইন ভাঙেন। কুবারসি ১৪৬টি এবং লাপোর্তে ১৪২টি লাইন-ভাঙা কার্যক্রম সম্পন্ন করেছেন। আর্জেন্টিনার সর্বোচ্চ পারেদেসের সংখ্যা ১০৪।
স্পেনের বড় শক্তি হলো, বল পায়ে থাকা খেলোয়াড়ের পাশাপাশি বাকিরাও অবিরাম নড়াচড়া করেন। মোট দৌড়ে তারা বিশ্বকাপে দ্বিতীয়—৭৮৮টি। প্রতিপক্ষের রক্ষণের পেছনে দৌড় ১৩১টি, গভীরে দৌড় ৩০৬টি। সহায়ক দৌড়, কাছাকাছি সহায়তার জন্য ছোটা এবং কেন্দ্র দিয়ে দৌড়—প্রতিটি সূচকেই তারা টুর্নামেন্টের শীর্ষে।
আর্জেন্টিনা রক্ষণরেখা ভাঙে তুলনামূলকভাবে ড্রিবলিংয়ের মাধ্যমে। দুই লাইনের মাঝখানে ড্রিবল এবং প্রতিপক্ষকে কাটিয়ে যাওয়ার হিসাবে তারা বিশ্বকাপের তৃতীয় সেরা দল। এই প্রবণতার প্রধান নাম অবশ্যই মেসি। সাত ম্যাচে তিনি ৪১টি ড্রিবল, ৫৫টি সামনের দিকে দৌড় এবং ৮২টি লাইন-ভাঙা ড্রিবলিং কার্যক্রম সম্পন্ন করেছেন।
এখানেই স্পেনের সম্ভাব্য দুর্বলতা। পাসের মাধ্যমে তাদের রক্ষণ খুব কম দলই ভাঙতে পেরেছে, কিন্তু ড্রিবলিংয়ের বিপক্ষে তারা তুলনামূলক বেশি নড়বড়ে। ড্রিবলিংয়ের মাধ্যমে সবচেয়ে বেশি ভাঙা দলগুলোর তালিকায় স্পেনের অবস্থান অষ্টম। অর্থাৎ স্পেনের জমাট দেয়ালের যে ফাটলটি সবচেয়ে দৃশ্যমান, তার আকৃতি অনেকটাই মেসির সবচেয়ে বড় শক্তির মতো।
তবে স্পেনের প্রথম চাপের রেখা ভাঙলেই গোলের পথ খুলে যাবে না। ফ্রান্স সেমিফাইনালে স্পেনের রক্ষণরেখা ১১১ বার ভেঙেছিল, স্পেনের নিজের সংখ্যা ছিল ৯৮। ফরাসিরা শেষ তৃতীয়াংশে ১১৭টি পাসও পেয়েছিল। তারপরও তাদের প্রত্যাশিত গোল বা এক্সজি ছিল মাত্র শূন্য দশমিক ৪৮; গোল ছিল শূন্য।
সাত ম্যাচে স্পেন মাত্র একটি গোল হজম করেছে। পেনাল্টি বাদ দিলে তাদের বিপক্ষে একটি গোল করতে গড়ে ৩ দশমিক ০২ এক্সজি তৈরি করতে হয়েছে। অর্থাৎ শুধু আক্রমণের পরিমাণ দিয়ে স্পেনকে হারানো কঠিন। শেষ পাসের গুণমান এবং সুযোগ কাজে লাগানোর নির্মমতাই বেশি গুরুত্বপূর্ণ।
সেখানেই আর্জেন্টিনার আশা। তারা পেনাল্টি ছাড়া ১৭ গোল করেছে এবং প্রতি গোলের জন্য গড়ে প্রয়োজন হয়েছে মাত্র শূন্য দশমিক ৭২ এক্সজি। টুর্নামেন্টে এটিই সর্বোচ্চ আক্রমণাত্মক দক্ষতা। লাউতারো মার্তিনেজ মাত্র ৭১ বার বল স্পর্শ করে তিনটি গোল করেছেন। তিনি এমন এক স্ট্রাইকার, যিনি দীর্ঘ সময় খেলায় অদৃশ্য থেকে একটি স্পর্শেই ফল বদলে দিতে পারেন। মেসি ৩৪টি শট থেকে করেছেন আট গোল।
একদিকে সাত ম্যাচে এক গোল হজম করা স্পেন, অন্যদিকে অর্ধেক সুযোগ থেকেও গোল বের করে আনা আর্জেন্টিনা। এই দুই সত্যের একটি ফাইনালে ভেঙে পড়বেই।
মাঠের আকাশেও স্পেনের কিছুটা সুবিধা রয়েছে। তারা প্রতি ম্যাচে গড়ে ৫ দশমিক ৪৩টি আক্রমণাত্মক হেডের দ্বৈরথ জিতেছে এবং রক্ষণাত্মক আকাশি লড়াইয়ের ৫৯ দশমিক ২ শতাংশে সফল হয়েছে। আর্জেন্টিনার সংখ্যা যথাক্রমে ৩ দশমিক ৭১ এবং ৫০ শতাংশ। দুই দলই সেট পিস থেকে প্রতি ম্যাচে প্রায় সমান, শূন্য দশমিক ৪৭ এক্সজি তৈরি করেছে এবং নিজেদের রক্ষণে প্রায় কিছুই দেয়নি।
তারপরও কর্নার কিংবা সরাসরি ক্রস থেকে লাপোর্তে, কুবারসি ও মিকেল মেরিনোর উচ্চতা স্পেনকে বাড়তি সুবিধা দিতে পারে। বিশেষ করে ম্যাচের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেলে বক্সে সরাসরি ক্রস হয়ে উঠতে পারে তাদের বিকল্প অস্ত্র।
আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য শারীরিক সক্ষমতায়। স্পেন বিশ্বকাপে মোট ৭৩১ কিলোমিটার দৌড়েছে। মোট দূরত্ব, উচ্চগতির দৌড়, ত্বরণ ও চরম ত্বরণের অধিকাংশ সূচকেই তারা শীর্ষে। শুধু ফ্রান্স তাদের চেয়ে বেশি স্প্রিন্ট করেছে। প্রতি ম্যাচে স্পেনের গড় দৌড় প্রায় ১১৪ কিলোমিটার এবং সব ম্যাচই তারা ৯০ মিনিটে শেষ করেছে।
আর্জেন্টিনা টুর্নামেন্টের শীর্ষ ১০ শারীরিক সূচকের কোনোটিতেই নেই। নকআউট পর্বে তাদের দুটি ম্যাচ অতিরিক্ত সময়ে গড়িয়েছে। কেপ ভার্দের বিপক্ষে তারা দৌড়েছিল ১৪০ দশমিক ৬ কিলোমিটার। সুইজারল্যান্ডের বিপক্ষে সংখ্যাটি ছিল ১৩৬ দশমিক ৭। ফাইনালের আগে স্পেনের চেয়ে একদিন কম বিশ্রামও পেয়েছে তারা।
স্পেনের মধ্যে রদ্রি একাই দৌড়েছেন ৮৩ দশমিক ৮ কিলোমিটার, যা ফাইনালে অংশ নিতে যাওয়া সব খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ। মার্ক কুকুরেয়া করেছেন ৩০৪টি স্প্রিন্ট এবং ঘণ্টায় ২৫ কিলোমিটারের বেশি গতিতে দৌড়েছেন মোট ১ হাজার ৫৩৪ মিটার। ম্যাচ ৭৫ মিনিট পর্যন্ত সমতায় কিংবা অনিশ্চয়তায় থাকলে শারীরিক সব সূচকই স্পেনের পক্ষে কথা বলবে।
তাদের পরিকল্পনাও অনেকটা পরিষ্কার। কেন্দ্রীয় পাস বন্ধ করে আর্জেন্টিনার আক্রমণ মোলিনা ও তাগলিয়াফিকোর মাধ্যমে পরিচালিত করানো, মাঝমাঠ নিয়ন্ত্রণে রাখা এবং সুযোগ আসা পর্যন্ত ধৈর্য ধরা। তবে নিচু রক্ষণভাগের বিপক্ষে স্পেনেরও সমস্যার নজির রয়েছে। কেপ ভার্দের বিপক্ষে ২৭টি শট নিয়েও গোল করতে পারেনি তারা; লক্ষ্যে ছিল মাত্র সাতটি।
টুর্নামেন্টে স্পেনের শট থেকে গোলের হার ১০ দশমিক ৮ শতাংশ, আর্জেন্টিনার ১৬ দশমিক ৮ শতাংশ। আর্জেন্টিনা সাত ম্যাচের পাঁচটিতেই মাঝারি কিংবা নিচু ব্লকে রক্ষণ করেছে। সেই দেয়াল ভাঙতে স্পেন নির্ভর করবে লামিন ইয়ামালের একের বিপক্ষে এক দক্ষতা এবং পেদ্রো পোরোর নিচ থেকে উঠে আসা বিলম্বিত দৌড়ের ওপর।
ইয়ামাল দলের সর্বোচ্চ ৬৭টি ড্রিবল এবং ৭৪টি সামনের দিকে দৌড় সম্পন্ন করেছেন। পোরো করেছেন দুটি গোল। তাদের ডান প্রান্তেই থাকবেন তাগলিয়াফিকো এবং আর্জেন্টিনার হজম করা গোলের সুযোগের প্রায় ৫০ শতাংশ এসেছে এই পাশ থেকে। যদিও ড্রিবলিংয়ের সময় আর্জেন্টিনার কাউকে কাটিয়ে যাওয়া সহজ নয়। প্রতিপক্ষ ড্রিবল করতে এলে তাদের ট্যাকলের সফলতা ৭২ দশমিক ৬ শতাংশ।
আর্জেন্টিনা সম্ভবত ম্যাচকে ছোট রাখতে চাইবে। তাদের বলের গতির সূচক শূন্য দশমিক ৭৭, স্পেনের ১ দশমিক ১। আর্জেন্টিনা প্রতি ম্যাচে প্রতিপক্ষের শেষ তৃতীয়াংশে গড়ে ৩০ দশমিক ৬টি পাস দিয়েছে এবং একটি শট নিতে ব্যবহার করেছে প্রায় ৪১ দশমিক ৫টি পাস। অর্থাৎ তারা অবিরাম আক্রমণের ঢেউ তুলতে আগ্রহী নয়। বরং বল নিয়ন্ত্রণ করবে, মেসির মাধ্যমে রদ্রির এলাকার দিকে এগোবে এবং ম্যাচের দুই বা তিনটি নির্ধারক মুহূর্তের জন্য অপেক্ষা করবে।
সব কৌশলগত হিসাবের চেয়েও বড় হয়ে উঠতে পারে প্রথম গোল। স্পেন আগে গোল করলে আর্জেন্টিনা কাঠামোগত সংকটে পড়তে পারে। এই টুর্নামেন্টে পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষের ওপর ধারাবাহিক উচ্চ চাপ প্রয়োগ করে বল পুনরুদ্ধারের কোনো স্থায়ী ব্যবস্থা তারা গড়ে তুলতে পারেনি। আর স্পেন উচ্চ চাপের বিপক্ষে ৯৬ দশমিক ১ শতাংশ সফলতায় বল বের করে আনে।
অন্যদিকে আর্জেন্টিনা আগে গোল করলে তারা নিজেদের সবচেয়ে পছন্দের দৃশ্যপট পাবে—কম গতির ম্যাচ, হাতে লিড এবং দ্রুত ফুরিয়ে আসা সময়। তখন পারেদেস-এনজোর মাঝমাঠ, নিচু রক্ষণ এবং মেসির পাল্টা আক্রমণের হুমকিতে স্পেনকে ঝুঁকি বাড়াতে হবে।তা
এই ফাইনালের সবচেয়ে নির্ধারক মুহূর্ত সম্ভবত বলের দখল নয়, প্রথম গোল। এই বিশ্বকাপে দুটি প্রায় বিপরীত সত্য প্রতিষ্ঠিত হয়েছে—স্পেনের বিপক্ষে গোল করা প্রায় অসম্ভব, আর আর্জেন্টিনাকে গোল করা থেকে আটকানোও প্রায় অসম্ভব।