কান্নাভেজা দেম্বেলের হাতে ব্যালন ডি’অর, ফরাসি ফুটবলে গৌরবের রাত

২৮ বছর বয়সী দেম্বেলে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৩৫ গোল ও ১৪ অ্যাসিস্ট। লিগ ওয়ানে ছিলেন যুগ্ম সর্বোচ্চ গোলদাতা, জিতেছেন লিগ ও চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড়ের খেতাব। দলের হয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন।

অভূতপূর্ব মৌসুম শেষে স্বপ্নপূরণ হলো উসমান দেম্বেলের। প্রথমবারের মতো ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান ব্যালন ডি’অর জিতে কান্নায় ভেঙে পড়লেন ফরাসি ফরোয়ার্ড। গত মৌসুমে ট্রেবল জেতার পর ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল পিএসজির দখলে।

২৮ বছর বয়সী দেম্বেলে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৩৫ গোল ও ১৪ অ্যাসিস্ট। লিগ ওয়ানে ছিলেন যুগ্ম সর্বোচ্চ গোলদাতা, জিতেছেন লিগ ও চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড়ের খেতাব। দলের হয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন, যদিও সেখানে হেরে গেছেন চেলসির কাছে।

পুরস্কার গ্রহণ করতে মঞ্চে উঠেই আবেগাপ্লুত দেম্বেলে বলেন, ‘এটি আমার জীবনের বিশেষতম মুহূর্ত। পিএসজি আমাকে যেভাবে পরিবার হিসেবে গ্রহণ করেছে, কোচ ও সতীর্থরা যেভাবে পাশে থেকেছে—এই পুরস্কার তাদের সবার।‘

পুরস্কারটি তুলে দেন ফুটবল কিংবদন্তি রোনালদিনহো। দেম্বেলের মা-ও ছিলেন তার পাশে।

এবারের ব্যালন ডি’অরে ছিল পিএসজির জয়জয়কার। ব্যালন ডি’অর তো অবশ্যই, সঙ্গে সেরা ক্লাবের পুরষ্কারও গেছে পিএসজির ঘরে। ক্লাবকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ও মৌসুমে ট্রেবল জিতিয়ে ফরাসি জায়ান্টদের কোচ লুইস এনরিকে হয়েছেন সেরা কোচ।

এছাড়া, শীর্ষ দশেও ছিলেন পিএসজির পাঁচ খেলোয়াড়—ভিটিনিয়া (তৃতীয়), আশরাফ হাকিমি (ষষ্ঠ), দোনারুমা (নবম) ও নুনো মেন্ডেস (দশম)।

এনরিকে এদিন কোচিং অ্যাওয়ার্ড জিতলেও, একই সঙ্গে মানবিক কাজের জন্য সক্রেটিস অ্যাওয়ার্ড পেয়েছে তার পরিবার-প্রতিষ্ঠিত ‘জানা ফাউন্ডাসিয়ন’, যা দুরারোগ্য অসুস্থ শিশুদের সহায়তায় কাজ করে।

২১ বছরের কম বয়সী সেরা খেলোয়াড় হিসেবে কোপা ট্রফি জিতেছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল। টানা দ্বিতীয়বারের মতো জিতে রেকর্ড গড়লেন এই কিশোর প্রতিভা। ব্যালন ডি’অরের দৌড়ে দেম্বেলের শেষ প্রতিদ্বন্দ্বীও ছিলেন ইয়ামাল।

সেরা গোলরক্ষকের ইয়াশিন ট্রফি জিতেছেন জিয়ানলুইজি দোনারুমা। পিএসজির হয়ে ১৭টি ক্লিন শিট রেখে পরে তিনি যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটিতে।

সর্বোচ্চ গোলদাতার গার্ড মুলার ট্রফি জিতেছেন আর্সেনালের নতুন স্ট্রাইকার ভিক্টর গায়কেরেস। গত মৌসুমে তিনি করেছিলেন ৫৪টি গোল।

ব্যালন ডি’অর জেতা ষষ্ঠ ফরাসি খেলোয়াড় হলেন দেম্বেলে। একবিংশ শতকে বেনজেমার পর তিনিই দ্বিতীয়। একসময় যার ক্যারিয়ার নিয়ে হতাশার ছায়া ছিল, সেই দেম্বেলেই এখন পিএসজির সোনালি যুগের প্রতীক।

‘আমরা প্রায় সবকিছুই একসঙ্গে জিতেছি,’—মঞ্চে দাঁড়িয়ে দেম্বেলের শেষ কথাগুলো যেন পুরো মৌসুমের সারসংক্ষেপ।

আরও