বিশ্বকাপ ফুটবল শুরু হতে বাকি মাত্র তিন সপ্তাহ। ঠিক তেমন সময়ে ফুটবল বিশ্বকে বড়সড় এক ঝাঁকুনি দিলেন লিওনেল মেসি। ম্যাচের মাঝে তার আকস্মিক মাঠ ছাড়ার দৃশ্য বেশ আতঙ্ক তৈরি করেছিল ভক্তদের। তবে প্রাথমিক আতঙ্ক কেটে গিয়ে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বড় কোনো চোটের ঝুঁকি থেকে বেঁচে গেছেন লিওনেল মেসি। খবর গোল ডটকম।
বিশ্বকাপ উপলক্ষে সম্প্রতি বিরতিতে গেছে উত্তর আমেরিকার মেজর লিগ সকার। এর আগে শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি ও ফিলাডেলফিয়া ইউনিয়ন। মায়ামির ৬-৪ ব্যবধানে জয়ের ম্যাচে হঠাৎ করেই ৭৩ মিনিটে মাঠ ছাড়ার অনুরোধ করেন মেসি। বাম উরু চেপে ধরে তার মাঠ ছাড়ার দৃশ্য দেখে মুহূর্তেই কপালে চিন্তার ভাঁজ পড়ে কোটি আর্জেন্টাইন ভক্তের।
তবে ম্যাচ শেষে ইন্টার মায়ামির আর্জেন্টাইন ম্যানেজার গুইলার্মো হোয়োস ভক্তদের আশ্বস্ত করে জানান, বিষয়টি গুরুতর কিছু নয়।
তিনি বলেন, ‘তিনি সত্যিই ক্লান্ত ছিলেন। মাঠের অবস্থা বেশ ভারী (কর্দমাক্ত বা শক্ত) ছিল। তাই ক্লান্তি ও ঝুঁকি আর না বাড়িয়ে আমরা তাকে তুলে নেয়ার সিদ্ধান্ত নিই।’
পরবর্তীতে ইন্টার মায়ামি ক্লাবের পক্ষ থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় মেসির বাম উরুর পেশিতে হালকা টান ধরা পড়েছে। ৩৮ বছর বয়সী এ তারকার মাঠে ফেরা এখন নির্ভর করছে তার শারীরিক ও কার্যক্ষমতা পুনরুদ্ধারের অগ্রগতির ওপর।
আর্জেন্টিনার সংবাদপত্র ‘লা নাসিওন’সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, আটবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলারের পুরোপুরি সেরে উঠতে বড় জোর ১০ দিনের মতো সময় লাগতে পারে।
আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ জে-তে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা।