সিলেট টেস্ট

আলোকস্বল্পতায় ৭০ ওভারেই শেষ প্রথম দিনের খেলা

৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন অভিষিক্ত কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গু। এ দুজন ২৫১ বল মোকাবেলায় ১৩১ রান যোগ করেন।

২ আপডেট
  • ১ ঘণ্টা আগে

    আমির জাঙ্গুর দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি

    তাইজুল ইসলামের বলকে এক্সটা কভার অঞ্চল দিয়ে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন আমির জাঙ্গু। ২৯ বছর বয়সী ক্রিকেটারের এটা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। আলোকস্বল্পতায় খেলা বন্ধ ছিল। এ সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৬৫ ওভারে ২১৬/৪। জাঙ্গু ১০২ ও জাস্টিন গ্রিভস ২৬ রানে অপরাজিত ছিলেন।

  • ৩ ঘণ্টা আগে

    ৬১ রান করে সাজঘরে উইকহ্যাম

    ৩ উইকেট পতনের পর হাল ধরেছিলেন কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গু। দুজনের ১৩১ রানের জুটি ভেঙে বাংলাদেশকে স্বস্তি এনে দে পেস হাসান মাহমুদ। এর আগে তিনি সাজঘরে ফিরিয়েছেন কাভেম হজকে। ১৪৫ বলে ৬১ রান করেছেন উইকহ্যাম। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ১৭০/৪।

সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে আজ বৃহস্পতিবার আলোকস্বল্পতায় প্রথম দিন খেলা হলো ৭০ ওভারের। দিনের শুরুটা বাংলাদেশের পেস বোলারদের হলেও শেষটা ছিল ক্যারিবীয় ব্যাটারদের। আমির জাঙ্গুর সেঞ্চুরিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ২৩৫ রান তুলেছে।

প্রথম সেশনে শুরুর ১০ ওভারের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ২৭ রানে ৩ উইকেট হারানোর পর অভিষিক্ত কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গুর প্রতিরোধে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ২৬ ওভারে ৩ উইকেটে ৮৬ রান তুলে লাঞ্চে যায় সফরকারীরা।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ৪ ওভারে বিনা উইকেটে ১৩ রান তোলে ক্যারিবীয়রা। পঞ্চম ওভারের প্রথম বলেই বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। তার বলে বোল্ড হয়ে যান ওপেনার ব্র্যান্ডন কিং (৯ রান)। কাভেম হজও বেশিক্ষণ টিকতে পারেননি। হাসান মাহমুদের বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১ রান। নবম ওভারে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন তাসকিন। এবার ১২ রান করা ওপেনার জশুয়া দা সিলভাকে বোল্ড করেন তিনি।

৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন অভিষিক্ত কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গু। এ দুজন ২৫১ বল মোকাবেলায় ১৩১ রান যোগ করেন। তাইজুল ইসলামের বলকে এক্সটা কভার অঞ্চল দিয়ে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন জাঙ্গু। ২৯ বছর বয়সী ক্রিকেটারের এটা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। শেষ সেশনে আলোকস্বল্পতায় দুবার খেলা বন্ধ ছিল। প্রথমবার ৪ উইকেটে ২১৬ রানের সময়। ক্যারিবীয়রা ৭০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান তোলার পর আবার আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। এরপরও আর খেলা শুরু করা সম্ভব হয়নি।

জাঙ্গু ১৭১ বলে ১১১ ও জাস্টিন গ্রিভস ৬২ বলে ৩৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।

আরও