এমএলএস

বিপর্যয়ে শুরু মায়ামির, মেসিকে ম্লান করে সনদের বড় জয়

সদ্য ইনজুরি ফেরত মেসির শতভাগ ম্যাচ ফিটনেস ফিরে না পাওয়াটাও মায়ামির পরাজয়ের অন্যতম কারণ।

লিগ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দর্শক উপস্থিতির এই ম্যাচে আকর্ষণের কেন্দ্রে ছিলেন মেসি এবং এলএএফসির নতুন তারকা সন হিউং-মিন। তবে মাঠের লড়াইয়ে সনদের কৌশলী ফুটবল আর ডেনিস বুয়াঙ্গার গতির কাছে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে হাভিয়ের মাচেরানোর শিষ্যদের।

বড় ধাক্কা খেয়ে মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরু করল ইন্টার মায়ামি। আসরের হট ফেবারিট হিসেবে মাঠে নামলেও লিওনেল মেসি ও তার দল ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে এলএএফসির কাছে। এলএ কোলিসিয়ামের গ্যালারিতে উপস্থিত ৭৫ হাজার ৬৭৩ জন দর্শকের সামনে ম্যাচের পুরোটা সময় আধিপত্য বজায় রেখে খেলেছে লস অ্যাঞ্জেলেস।

লিগ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দর্শক উপস্থিতির এই ম্যাচে আকর্ষণের কেন্দ্রে ছিলেন মেসি এবং এলএএফসির নতুন তারকা সন হিউং-মিন। তবে মাঠের লড়াইয়ে সনদের কৌশলী ফুটবল আর ডেনিস বুয়াঙ্গার গতির কাছে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে হাভিয়ের মাচেরানোর শিষ্যদের।

ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে ইন্টার মায়ামি এগিয়ে থাকলেও কার্যকরী আক্রমণে বাজিমাত করেছে এলএএফসি। ৩৮ মিনিটে রদ্রিগো ডি পলের একটি ভুল পাসের সুযোগ নিয়ে পাল্টা আক্রমণে ওঠে স্বাগতিকরা। সনের চমৎকার অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দেন ডেভিড মার্টিনেজ। দ্বিতীয়ার্ধে মায়ামির রক্ষণভাগের দুর্বলতাকে পুঁজি করে ব্যবধান দ্বিগুণ করেন ডেনিস বুয়াঙ্গা। মায়ামি গোলরক্ষক ডেনে সেন্ট ক্লেয়ার পোস্ট ছেড়ে অনেকটা বেরিয়ে আসায় গোল করতে মোটেও বেগ পেতে হয়নি তাকে। ম্যাচের একদম শেষ মুহূর্তে নাথান ওর্দাজ তৃতীয় গোলটি করলে মায়ামির হার নিশ্চিত হয়ে যায়।

পুরো ম্যাচে ইন্টার মায়ামির দখলে ৬৮ শতাংশ বল থাকলেও তারা এলএএফসির জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালের এমএলএস এমভিপি লিওনেল মেসি তিনটি সুযোগ তৈরি করলেও দলের পক্ষে কোনো গোল আদায় করতে পারেননি। এলএএফসির গতিময় ফুটবল মায়ামির প্রবীণ তারকাখচিত মাঝমাঠ ও রক্ষণভাগকে রীতিমতো দিশেহারা করে দিয়েছিল। তাছাড়া, সদ্য ইনজুরি ফেরত মেসির শতভাগ ম্যাচ ফিটনেস ফিরে না পাওয়াটাও মায়ামির পরাজয়ের অন্যতম কারণ।

তবে বড় হারের পরেও ভেঙে পড়ছেন না মায়ামি কোচ মাচেরানো। ম্যাচ শেষে তিনি জানান, মৌসুমের শুরুতে একটি জয় বা পরাজয় দিয়ে সবকিছু বিচার করা ঠিক নয়। নভেম্বরের চূড়ান্ত লড়াইয়ে পৌঁছাতে এখনো অনেক পথ বাকি।

আরও