বেগম খালেদা জিয়া নারী আইএইচএফ নেশনস ট্রফির (এশিয়া জোন-২) ফাইনালে ভারতের কাছে ২৮-১৬ গোলে হারল বাংলাদেশ। রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে গতকাল ফাইনালে কর্তৃত্ব করে জয় তুলে নেয় অতিথিরা। এর আগে রাউন্ড রবিন লিগের দেখায়ও তারা জিতেছিল ৪৭-১৩ গোলে।
১৪-৯ গোলে এগিয়ে থেকে যায় বিরতিতে ভারত। স্বাগতিকরা দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোল করতে দেননি ভারতের গোলকিপার দীক্ষা কুমারী। বাংলাদেশের একের পর এক প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ম্যাচসেরা দীক্ষা কুমারী। টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের ভাওয়ানা শর্মা।
চার ম্যাচের মধ্যে দুটি করে জয় ও হার নিয়ে আসর শেষ করল বাংলাদেশ। দুটি হারই ভারতের বিপক্ষে। জয় দুটি এসেছিল নেপাল ও মালদ্বীপের বিপক্ষে।
ঘরের মাঠে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ না হলেও বাংলাদেশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়ার মনে হচ্ছে সঠিক পথেই আছে তার দল। তিনি বলেন, ‘টুর্নামেন্ট নিয়ে আমি খুবই আনন্দিত। আমাদের কাজ চালিয়ে যেতে হবে, তবে দক্ষিণ এশিয়ার যেকোনো দেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সঠিক পথেই আমরা এগোচ্ছি। প্রথমত, আমাদের শুধু হ্যান্ডবল খেলোয়াড় হলেই চলবে না, সামগ্রিকভাবে অ্যাথলেট হতে হবে। হ্যান্ডবল খেলার জন্য যতটুকু ফিট থাকা দরকার, ততটুকু ফিটনেস থাকতে হবে। এরপর দ্বিতীয় দিকটি হলো রক্ষণভাগ। ব্যক্তিগত টেকনিক ও ট্যাকটিকসের দিক থেকে রক্ষণে আমাদের অনেক উন্নতি করতে হবে। তাই মূল মনোযোগটা থাকবে শক্তি ও রক্ষণভাগের ওপর।’