রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ক্রীড়াঙ্গণেও শোকের ছায়া নেমে এসেছে। তার শ্রদ্ধায় পূর্বনির্ধারিত ক্রিকেট, গলফ, রাগবি এবং সাইক্লিং খেলা স্থগিত করা হয়েছে। এছাড়া অন্যরা এক মিনিটের নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করেছে। খবর রয়টার্স।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্কটল্যান্ডের বালমোরালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯৬ বছর বয়সী রানী এলিজাবেথ। রানীর মৃত্যুর পর যুক্তরাজ্য ১০ দিনের শোক পালন করতে যাচ্ছে।
এর ধারাবাহিকতায় ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার মধ্যকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত করা হয়েছে। এছাড়া ইংলিশ ফুটবল লিগ ও নর্দার্ন আয়ারল্যান্ড ফুটবল লিগসহ শুক্রবার আরও যেসব খেলাধুলার আয়োজন হওয়ার কথা ছিল, তার প্রায় সবই স্থগিত করা হয়েছে। ব্রিটিশ হর্স রেসিং অথরিটি সব ধরনের ঘোড়দৌড় আয়োজন স্থগিত করেছে। গলফের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার বিএমডব্লিউ পিজিএ চ্যাম্পিয়নশিপে কোনো খেলা হবে না।
এক বিবৃতিতে যুক্তরাজ্যের ক্রিকেট বোর্ড (ইসিবি) বলেছে, মহামান্য রানীর মৃত্যুর কারণে শুক্রবার ওভালে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার খেলা, রাচেল হেইহো ফ্লিন্ট ট্রফির সমস্ত নির্ধারিত ম্যাচসহ অনুষ্ঠিত স্থগিত করা হয়েছে। শুক্রবারের পর ফিক্সচারের অন্যান্য খেলার বিষয়ে তথ্য যথাসময়ে দেয়া হবে।
এদিকে ‘ট্যুর অব ব্রিটেন’ শীর্ষক সাইকেল প্রতিযোগিতার ষষ্ঠ পর্ব শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রানীর মৃত্যুতে শুক্রবারের সে আয়োজনও স্থগিত করা হয়।
তবে যুক্তরাজ্যজুড়ে বিভিন্ন নাট্যশালার আয়োজনগুলো যথাযথ সময়ে অনুষ্ঠিত হবে। রানীর প্রতি এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আয়োজনগুলো চালিয়ে যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।