বেলফাস্টে সোমবার রাতে তৃতীয় ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে ২-০তে এগিয়ে যায় আফগানিস্তান। এ ম্যাচের ফল ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ ভাগ্য লিখে দিল! স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া আইসিসি র্যাংকিংয়ের সেরা আট দলের সর্বশেষটি হয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিল আফগানিস্তান। তাদের এ সাফল্যে সেরা আটে থাকা হলো না ওয়েস্ট ইন্ডিজের। ফলে দুইবারের সাবেক বিশ্বকাপজয়ীদের আবারও খেলতে হবে বাছাইপর্ব।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। এর আগে ২০১৯ সালে ইংল্যান্ড ও ওয়েলস এবং ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাছাই খেলতে হয় ক্যারিবিয়ানদের। ২০১৯-এ বাছাইপর্ব উতরে গেলেও ২০২৩ সালের আসরে ব্যর্থ হয় মেরুন রঙারা। ড্যারেন স্যামির দল আরেকবার পড়তে যাচ্ছে অগ্নিপরীক্ষায়।
আফগানিস্তান এ নিয়ে টানা চতুর্থবার ওয়ানডে বিশ্বকাপ খেলবে। সর্বশেষ ২০২৩ বিশ্বকাপে রাউন্ড রবিন লিগে ১০ দলের মধ্যে ষষ্ঠ হয়েছিল আফগানরা।
২০২৭ বিশ্বকাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ৯১ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান আছে আট নম্বরে। বাংলাদেশ ৮৩ পয়েন্ট নিয়ে নয় নম্বরে ও ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে দশম ওয়েস্ট ইন্ডিজ। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে বিশ্বকাপে খেলা নিশ্চিত করল আফগানিস্তান।
৩০ সেপ্টেম্বরের আগে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এ দুটি ম্যাচ জিতলেও তাদের পক্ষে র্যাংকিংয়ের শীর্ষ আটে ওঠা সম্ভব হবে না। ফলে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া বাছাইপর্বের বৈতরণী পার করে মূল পর্বের টিকিট কাটতে হবে ক্যারিবিয়ানদের।