এবার পদত্যাগ করলেন ফিফার প্রধান আইন কর্মকর্তা

লামুর পদত্যাগের সময় দাবি করেছিলেন, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা গভর্নিং বডির প্রশাসনকে ‘‌প্রতারিত’ করেছে।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গভর্নিং বডি ফিফার প্রধান আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন, যা সংস্থাটির দ্বিতীয় উচ্চপদস্থ কর্মকর্তার বিদায়ের ঘটনা। আট বছর ধরে ফিফার প্রধান আইন ও কমপ্লায়েন্স কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা এমিলিও গার্সিয়া সিলভেরো মাদ্রিদে তার নতুন পেশাদার কর্মজীবন শুরু করতে পদত্যাগ করছেন বলে শুক্রবার ফিফা নিশ্চিত করেছে। গত আগস্টে ফিফার চিফ অপারেটিং অফিসার কেভিন লামু পদত্যাগ করেন। তার পরে সিলভেরোর বিদায়ই সবচেয়ে বড় উচ্চপদস্থ কর্মকর্তার চলে যাওয়ার ঘটনা।

লামুর পদত্যাগের সময় দাবি করেছিলেন, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা গভর্নিং বডির প্রশাসনকে ‘‌প্রতারিত’ করেছে। ইএসপিএনকে একাধিক সূত্র জানিয়েছে, আর্সেনালের সাবেক হেড কোচ আর্সেন ওয়েঙ্গারও ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান হিসেবে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা আর নবায়ন করবেন না।

গার্সিয়া সিলভেরোর বিদায়ে ফিফা নির্বাহী কাঠামো থেকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে হারাল। এমন একটি সময়ে এ ঘটনা ঘটল যখন স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। গার্সিয়া সিলভেরো বিশ্ব ফুটবলে উল্লেখযোগ্য নিয়ন্ত্রণমূলক পরিবর্তনের নেতৃত্ব দিয়েছিলেন, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক পেমেন্টের জন্য একটি ক্লিয়ারিং হাউজ প্রতিষ্ঠা করা, ফুটবল এজেন্টদের জন্য নতুন নিয়ম-কানুন কার্যকর করা এবং একটি নতুন আন্তর্জাতিক দলবদল ব্যবস্থা চালু করা। তিনি ফিফার ছয়টি কনফেডারেশন জুড়েই ফুটবলের নিয়ম-কানুনগুলোকে আরো সহজলভ্য এবং স্বচ্ছ করতে বৈশ্বিক উদ্যোগের পক্ষে কাজ করেছেন।

ফিফা জানিয়েছে, জুরিখে অবস্থিত ফুটবলের নিয়ম-কানুনবিষয়ক প্রধান ইয়ান ক্লাইনার মায়ামিতে আইনি ও কমপ্লায়েন্স বিভাগের অন্তর্বর্তী প্রধানের দায়িত্ব নেবেন।

এক বিবৃতিতে ফিফা বিশ্ব ফুটবলে আট বছরের উৎসর্গের জন্য এমিলিও গার্সিয়া সিলভেরোকে ধন্যবাদ জানিয়েছে। বিবৃতিতে ফিফা বলেছে, ‘২০১৮ বিশ্বকাপে ফিফায় যোগ দেয়ার পর থেকে এমিলিও আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রণমূলক কাঠামোর বিকাশ ও আধুনিকীকরণে সক্রিয় অবদান রেখেছেন। একজন নির্বাহী হিসেবে তার মেয়াদের সময় তিনি জুরিখ ও মায়ামির অফিসগুলোতে পেশাদারদের একটি দলের নেতৃত্ব দিয়েছেন, যেখানে তিনি ফুটবলের নিয়ম কানুনের ক্ষেত্রে স্বচ্ছতা, আইনি নিশ্চয়তা ও তথ্য প্রাপ্তি জোরদার করার লক্ষ্যে বড় বড় প্রকল্প, নিয়ন্ত্রণমূলক সংস্কার, শিক্ষামূলক উদ্যোগ ও কর্মসূচিগুলোর নেতৃত্ব দিয়েছেন।’

এর আগে ইনফান্তিনোর সঙ্গে উয়েফায় কাজ করেছেন গার্সিয়া। ২০১৬ সালে ইনফান্তিনো ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দুই বছর পর তার সঙ্গে জুরিখে যোগ দেন তিনি। ইনফান্তিনো বিশ্বকাপ ও অন্যান্য প্রতিযোগিতার বাণিজ্যিক স্বার্থ পরিচালনার জন্য ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি কোম্পানি স্থাপন করতে চেয়েছিলেন, যেখানে প্রাইভেট বিনিয়োগকারীদের একটি সংখ্যালঘু অংশীদারত্ব থাকার কথা ছিল। তবে তিনটি মহাদেশীয় কনফেডারেশন এটি প্রত্যাখ্যান করার পর এবং উয়েফা ফিফার প্রতিযোগিতাগুলো বয়কট করার হুমকি দেয়ার পর গত আগস্টে পরিকল্পনাটি বাতিল করা হয়।

আরও