৫০ বছরের মধ্যে ব্রাজিলের পর দ্বিতীয় কোনো দল

একই বিশ্বকাপে ফ্রান্সের দুই ফরোয়ার্ডের পাঁচের বেশি গোল

এমবাপ্পে টুর্নামেন্টে নিজের অষ্টম গোল করে আর্জেন্টিনার লিওনেল মেসির সমান গোলসংখ্যায় পৌঁছেছেন। তবে বেশি অ্যাসিস্ট থাকায় গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন ফরাসি অধিনায়ক। অন্যদিকে দেম্বেলের গোলসংখ্যা দাঁড়িয়েছে পাঁচে

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশ সময় আজ ভোরে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। তবে এই জয়ে শুধু শেষ চার নিশ্চিতই হয়নি, ইতিহাসেও জায়গা করে নিয়েছে দিদিয়ের দেশঁর দল।

বস্টনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে দ্বিতীয়ার্ধে মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফ্রান্স। প্রথমে কিলিয়ান এমবাপ্পে, পরে ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে গোল করেন।

এমবাপ্পে টুর্নামেন্টে নিজের অষ্টম গোল করে আর্জেন্টিনার লিওনেল মেসির সমান গোলসংখ্যায় পৌঁছেছেন। তবে বেশি অ্যাসিস্ট থাকায় গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন ফরাসি অধিনায়ক। অন্যদিকে দেম্বেলের গোলসংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।

এর মধ্য দিয়ে গত ৫০ বছরে একই বিশ্বকাপে দুই খেলোয়াড়ের পাঁচ বা তার বেশি গোল করার কীর্তি গড়া মাত্র দ্বিতীয় দলে পরিণত হয়েছে ফ্রান্স। এর আগে ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে রোনালদো আটটি ও রিভালদো পাঁচটি গোল করেছিলেন।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ফ্রান্স ১৬টি গোল করেছে, যা টুর্নামেন্টে সর্বোচ্চ। ছয় ম্যাচে তারা মাত্র দুটি গোল হজম করেছে।

সাবেক ফ্রান্স মিডফিল্ডার প্যাট্রিক ভিয়েরা মনে করেন, বর্তমান দলটি দেশটির ইতিহাসের অন্যতম সেরা। তিনি বলেন, ‘এই প্রজন্মের খেলোয়াড়দের দিকে তাকালে মনে হয় এটি হয়তো ফ্রান্সের অন্যতম সেরা দল। বিশেষ করে আক্রমণভাগে এত বেশি মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে, যা অবিশ্বাস্য।’

সাবেক ইংল্যান্ড ফরোয়ার্ড ইয়ান রাইটও ফ্রান্সকে টুর্নামেন্টের সবচেয়ে পরিপূর্ণ দল হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, ‘এই দলের দুর্বলতা খুঁজে পাওয়া কঠিন। এমবাপ্পে ও দেম্বেলের পাশাপাশি আরো কয়েকজন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।’

২০১২ সাল থেকে ফ্রান্সের দায়িত্বে থাকা কোচ দিদিয়ের দেশঁ আগেই জানিয়েছেন, এটিই তার শেষ টুর্নামেন্ট। তার অধীনে ফ্রান্স ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছে, ২০২২ সালে রানার্সআপ হয়েছে। এবারও তারা শিরোপার অন্যতম প্রধান দাবিদার।

এমবাপ্পে ও দেম্বেলের পাশাপাশি ফ্রান্সের আক্রমণভাগে রয়েছেন মাইকেল অলিসে, ব্র্যাডলি বারকোলা, দেজিরে দুয়ে, রায়ান শেরকি ও জ্যাঁ-ফিলিপ মাতেতার মতো প্রতিভাবান ফুটবলার।

এ পর্যন্ত সেনেগাল, ইরাক, নরওয়ে, সুইডেন, প্যারাগুয়ে ও মরক্কোকে হারিয়ে নিখুঁত অভিযানে রয়েছে ফ্রান্স। এখন তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিততে তাদের প্রয়োজন আর মাত্র দুটি জয়। তবে সাবেক স্কটল্যান্ড ফরোয়ার্ড প্যাট নেভিন সতর্ক করে দিয়ে বলেছেন, ফ্রান্সকে হারাতে হলে অন্য দলের চেয়ে তাদের নিজেদেরই বেশি ভুল করতে হবে। নিজেদের সেরা খেলাটা খেললে তাদের থামানো খুব কঠিন।

বিবিসি অবলম্বনে

আরও