ফ্রান্সের কোচ হিসেবে ১৪ বছরের সফল এক যাত্রা শেষ করছেন দিদিয়ের দেশ্যম। বিদায়বেলায় পুরনো স্মৃতি রোমন্থন করে তিনি বলেছেন, দলের খেলোয়াড়দের সঙ্গে কাটানো সময়টিগুলো সত্যিই অসাধারণ অভিজ্ঞতা ছিল।
দেশ্যম ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপা জেতানোর মধ্যে দিয়ে কোচ ও খেলোয়াড় উভয় ভূমিকায় বিশ্বকাপ জয়ীদের তালিকায় নাম লেখান। এরপর ২০২২ সালে কাতারের দোহায় অনুষ্ঠিত বিশ্বকাপেও তার হাত ধরে ফাইনালে পৌঁছায় ফ্রান্স। যদিও টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে পরাজিত হয় লেস ব্লুজরা।
২০২৬ বিশ্বকাপে উত্তর আমেরিকার মাটিতে দুর্দান্ত সূচনা করলেও, সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় ফ্রান্সের। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নাটকীয় এক পরাজয়ের পর দেশ্যম বলেন, খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে কাটানো এ টুর্নামেন্টটি ছিল দারুণ সুন্দর।
তিনি আরো বলেন, প্রস্তুতি শুরুর পর থেকে গত আট সপ্তাহ আমরা একসঙ্গে কাটিয়েছি, যা ছিল অসাধারণ সুন্দর যাত্রা।
তবে ফুটবলীয় দিক থেকে তিনি স্বীকার করেন, এত উচ্চাকাঙ্খা নিয়ে যাত্রা শুরু করা এ দলের জন্য শেষ পর্যন্ত ফলাফলটি ছিল হতাশাজনক। দেশ্যম বলেন, আমরা অনেক ইতিবাচক কাজ করেছি। কিন্তু স্পেনের বিপক্ষে ম্যাচে আমরা ব্যর্থ হয়েছি।
৫৭ বছর বয়সী দেশ্যম এখন দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী, দেশ্যমের স্থলাভিষিক্ত হবেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান।
তবে বিদায়বেলায় দেশ্যম আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ফ্রান্সের ভবিষ্যৎ উজ্জ্বল। আমাদের বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় রয়েছে, যারা আরো উন্নতি করবে। তাদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই এবং এ দল ভবিষ্যতেও খুব ভালো ফল অর্জন করতে পারবে।