নিজেদের ছন্দহীন মৌসুমে প্রাণ ফেরালো ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে চেলসিকে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে রেড ডেভিলরা। এর আগে চলতি মৌসুমে মাত্র একটি জয় নিয়ে চাকরি খোয়ানোর আশঙ্কায় থাকা কোচ রুবেন আমোরিমও আপাতত ডাগআউটে টিকে গেলেন।
ম্যাচের শুরুতেই দেখা যায় নাটকীয়তা। পঞ্চম মিনিটে চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। ইউনাইটেডের ফরোয়ার্ড ব্রায়ান এমবেমোকে আটকাতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। ১০ জনের দলের বিপক্ষে এই সুযোগ কাজে লাগাতে বেশি দেরি করেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৩৭ মিনিটের মধ্যেই ব্রুনো ফের্নান্দেস ও ক্যাসেমিরোর গোলে ২-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা।
ব্রুনো ফের্নান্দেস ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এটি তার ১০০তম গোল। অন্যদিকে, ক্যাসেমিরো মৌসুমে তার প্রথম গোলের দেখা পান। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ক্যাসেমিরো অপ্রয়োজনীয় ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন, এতে দুই দলের খেলোয়াড়ের সংখ্যা সমান হয়ে যায়।
দ্বিতীয়ার্ধের শেষ ১৫ মিনিট ইউনাইটেডের জন্য কঠিন ছিল। চেলসিও গোল শোধের চেষ্টা করে। ট্রেভোহ চালোবাহ শেষ দিকে একটি গোল করে ব্যবধান কমালেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। চেলসি ম্যানেজার এনজো মারেসকা বলেন, লাল কার্ডের পর ম্যাচের পরিকল্পনা বদলে যায়। রবার্ট তার ভুলের জন্য অনুতপ্ত। পাঁচ মিনিটের মাথায় ১-০ গোলে পিছিয়ে থাকার চেয়ে একজন কম নিয়ে খেলাটা কঠিন।
তবে ১০ জনের দলে পরিণত হওয়ার পরপরই সম্পূর্ণ রক্ষণাত্মক ছকে দলকে বেধে ফেলেন মারেসকা। দলের সেরা দুই সৃষ্টিশীল খেলোয়াড় পেদ্রো নেতো ও কোল পামারকে তুলে নিয়ে মারেসকা ম্যাচের ২০ মিনিটেই হার মেনে নিলেন কিনা— তা নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা হয়েছে বিস্তর।
এই জয়ের পর ইউনাইটেডের ম্যানেজার রুবেন অ্যামোরিম বলেন, আমরা শুরু থেকেই আগ্রাসী ছিলাম। অবশ্যই লাল কার্ড আমাদের সাহায্য করেছে, তবে আমরা এমনিতেও ম্যাচের নিয়ন্ত্রণেই ছিলাম। শেষ ১৫ মিনিট কঠিন ছিল। আমরা খুব করে জিততে চেয়েছিলাম।
গত বছরের নভেম্বরে দায়িত্ব নেয়ার পর আমোরিমের অধীনে ৩১টি লিগ ম্যাচের মধ্যে মাত্র আটটিতে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে তার ওপর চাপ বাড়ছিল। এই জয় সেই চাপ কিছুটা কমালো। এই হারের ফলে ওল্ড ট্র্যাফোর্ডে চেলসির জয়হীন থাকার রেকর্ড ১৩ ম্যাচে পৌঁছাল। ২০০৩ সাল থেকে চেলসি এখানে কোনো লিগ ম্যাচ জেতেনি।