ফ্রান্স জাতীয় দলের নতুন কোচ বিশ্বকাপজয়ী জিদান

জাতীয় দলে প্রথমবার কোচের দায়িত্ব পেলেও ক্লাবের কোচ হিসেবে অভাবনীয় সাফল্য পেয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্বে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন ফরাসি গ্রেট।

ফুটবল জাদুকর জিনেদিন জিদানের হাত ধরে ১৯৯৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে ফ্রান্স। তারই জাদুতে ২০০৬ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপার দ্বারপ্রান্তে চলে গিয়েছিল ‘লা ব্লুজ’রা। যদিও সেবার ফাইনালে ইতালির কাছে পরাজিত হয় জিদানের দল। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় জিদান এবার কোচ হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানোর চ্যালেঞ্জ নিলেন। ফ্রান্স জাতীয় দলের নতুন কোচের দায়িত্ব দেয়া হয়েছে তাকে।

আজ মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। ফেডারেশনের সঙ্গে জিদানের চুক্তি হয়েছে ২০৩০ সাল পর্যন্ত। ওই বছরই পরবর্তী বিশ্বকাপ আসর বসবে।

সদ্যই যুক্তরাষ্ট্র, মেক্সিকেবা ও কানাডায় বিশ্বকাপ শেষে ফ্রান্সের হেড কোচের পদ থেকে বিদায় নেন দিদিয়ের দেশম। তার জায়গায় নতুন কোচের দায়িত্ব নিলেন জিদান।

জাতীয় দলে প্রথমবার কোচের দায়িত্ব পেলেও ক্লাবের কোচ হিসেবে অভাবনীয় সাফল্য পেয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্বে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন ফরাসি গ্রেট। দুই মেয়াদে রিয়ালের কোচ ছিলেন তিনি। সর্বশেষ ২০২১ সালে রিয়ালের সঙ্গে দ্বিতীয় মেয়াদ শেষ হয় তার।

কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেম্বেলেদের কোচের দায়িত্ব গ্রহণ নিয়ে ৫৪ বছর বয়সী জিদান বলেন, ‘ফ্রান্স জাতীয় দলের চেয়ে বড় আর কিছু নেই। তাই জাতীয় দলের দায়িত্ব নেয়া আনন্দের পাশাপাশি অনেক বড় একটা গর্বের ব্যাপার। একই সঙ্গে এটা অনেক বড় দায়িত্ব। আমি ফ্রান্সের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, নির্বাহী কমিটি ও ফ্রান্স ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ দিতে চাই। এটা বলার অপেক্ষা রাখে না, জাতীয় দলের হয়ে আমার অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে।’

২৫ সেপ্টেম্বর নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জিদানের ফ্রান্স অধ্যায়, যারা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে যায়।

১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত ফ্রান্স জাতীয় দলের জার্সিতে মোট ১০৮ ম্যাচ খেলে ৩১ গোল করেছেন জিদান। বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০০০ সালে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ শিরোপা। ক্লাব ফুটবল খেলেছেন রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, বোর্দের হয়ে। জিতেছেন লা লিগা, সিরি-এ, চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য শিরোপা।

আরও