অস্ট্রেলিয়া সফর

প্রস্তুতি ম্যাচে মিরাজের সেঞ্চুরি, বাংলাদেশ ২৬৩ রানে অলআউট

মেহেদী হাসান মিরাজের ১০৯ রানের দারুণ এক সেঞ্চুরির পরও বাংলাদেশ অলআউট হয়ে গেছে ২৬৩ রানে।

ডারউইনে প্রথম টেস্ট সামনে রেখে অস্ট্রেলিয়ায় আজ বৃহস্পতিবার তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ম্যাচের প্রথম দিন সেঞ্চুরি করেন মেহেদী হাসান মিরাজ। এরপরও সফরকারীরা গুটিয়ে গেছে ২৬৩ রানে। বাংলাদেশকে অলআউট করা স্বাগতিক দলটি ২ উইকেটে ৫১ রান তুলে মাঠ ছাড়ে।

মারারা ওভালে টস জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশ দল তৃতীয় ওভারেই হারায় তানজিদ হাসানকে। ৬১ রানের মধ্যে সাজঘরে ফিরে যান সাদমান ইসলাম (৩১), মুমিনুল হক (১৬) ও মুশফিকুর রহিম (০)। এরপর নাজমুল হোসেন শান্ত ও অমিত হাসানের ৪৪ রানে জুটিতে দল একশ পেরিয়ে যায়। ৫৩ বলে ৩৭ রান করে আউট হয়ে যান শান্ত। অমিতও (১৫) কাছাকাছি সময়ে আউট হয়ে যান। মিরাজের সঙ্গে সৌম্য সরকার গড়েন ৪৮ রানের জুটি। বামহাতি ব্যাটার ১৬ রান করে ফিরে যান সাজঘরে।

হাল ছাড়েননি মিরাজ। তাইজুল ইসলাম (১০), হাসান মাহমুদ (৪) ও খালেদ আহমেদকে (১৫) নিয়ে দলের সংগ্রহ আড়াইশ পার করান তিনি। এ পথে করেন দারুণ এক সেঞ্চুরি। ১১ বাউন্ডারি ও ৪ ছক্কায় ১০৯ রান করে অপরাজিত থাকেন ডানহাতি ব্যাটার।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের অফস্পিনার কোরি রকিচিওলি ৮৩ রানে ৬ উইকেট শিকার করেন। এরপর বোলিংয়ে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। দলীয় ২ রানের মধ্যে তারা সাজঘরে ফেরান স্যাম কনস্টাস ও ক্যাম্পবেল কেলাওয়েকে। সেখান থেকে দিনের শেষ পর্যন্ত খেলেন স্বাগতিকদের কার্টিস প্যাটারসন (২৬*) ও জস ফিলিপস (২২*)।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংস: ২৬৩ (সাদমান ৩১, তানজিদ ০, মুমিনুল ১৬, নাজমুল ৩৭, মুশফিক ০, অমিত ১৫, মিরাজ ১০৯*, সৌম্য ১৬, তাইজুল ১০, হাসান ৪, খালেদ ১৫; কোরি ৬/৮৩, জ্যাকবস ১/২৮, থম্পসন ১/২৬)। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ প্রথম ইনিংস: ৫১/২। —প্রথম দিন শেষে

আরও