ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিন বিবর্ণ বোলিং করা বাংলাদেশ আজ দ্বিতীয় দিন লড়াইয়ে ফিরেছে। তাসকিন আহমেদ, তাইজুল ইসলামদের দৃঢ়তায় চা-বিরতির আগেই স্বাগতিকদের ৫ উইকেট তুলে নেয় অতিথি দলের বোলাররা। এ প্রতিবেদন লেখার আলোকস্বল্পতায় খেলা বন্ধ ছিল, এ সময় সিংহলিজদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৪৩৬ রান। নিরোশান ডিকবেলা ৪২ ও রমেশ মেন্ডিস ১২ রানে অপরাজিত ছিলেন।
প্রথম ২০৯ রানের মধ্যে শ্রীলংকার কোনো উইকেটের পতন ঘটাতে পারেনি বাংলাদেশ। এরপর ১৭৩ রানের মধ্যে বাংলাদেশের বোলাররা ছয় ছয়বার উইকেটের উত্সব করতে পেরেছেন। এই সাফল্যের সবচেয়ে বড় কারিগর পেসার তাসকিন আহমেদ। প্রথম ছয় উইকেটের তিনটিই নিয়েছেন তিনি।
১ উইকেটে ২৯১ রান নিয়ে আজ দ্বিতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামা সিংহলিজদের চাপের মুখে রাখেন মূলত তাসকিনই। সকালে প্রথম সেশনের মাঝামাঝি ছয় রানের ব্যবধানে পরপর তুলে নেন সেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নে (১৪০) ও সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে (৫)। এরপর প্রথম টেস্টে সেঞ্চুরি পাওয়া ধনঞ্জয়া ডি সিলভাকে (২) উইকেটে থিতু হওয়ার আগেই বিদায় করেন তাইজুল ইসলাম। আর থিরিমান্নের সঙ্গে শতরানের ও পাথুম নিশাঙ্কাকে নিয়ে ৫৪ রানের জুটি গড়া ওশাদা ফার্নান্দোকে (৮১) শিকার করেন মেহেদী হাসান মিরাজ। তার আগে নিশাঙ্কাকে (৩০) সরাসরি বোল্ড করেন তাসকিন।
ষষ্ঠ উইকেট পতনের পর রমেশ মেন্ডিসকে নিয়ে দলকে টানছিলেন নিরোশান ডিকবেলা। তারা ৭৬ বলে ৫৪ রান যোগ করেন। চা-বিরতির পরপর আলোকস্বল্পতায় খেলা বন্ধ থাকে কিছু সময়।