হতাশ লিটন দাস, ক্ষমাপ্রার্থী সালাহউদ্দীন

শ্রীলংকাকে শুরুতেই চাপে ফেলেছিলেন বাংলাদেশের বোলাররা। পরে থারিন্ডু রত্নায়েকের ফিফটিতে লংকানরা চাপ থেকে বেরিয়ে যায় সফলভাবে।

এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল শ্রীলংকার কাছে ৬৩ রানে হেরে গেছে বাংলাদেশ দল। এমন লজ্জাজনক হারের ব্যাখ্যায় অধিনায়ক লিটন দাস কোনো অজুহাত দাঁড় না করিয়ে বলেছেন, ‘হারের ব্যাখ্যা, আমরা ভালো ক্রিকেট খেলিনি।’

শ্রীলংকাকে শুরুতেই চাপে ফেলেছিলেন বাংলাদেশের বোলাররা। পরে থারিন্ডু রত্নায়েকের ফিফটিতে লংকানরা চাপ থেকে বেরিয়ে যায় সফলভাবে। লংকান ব্যাটসম্যানকে কৃতিত্ব দিয়ে লিটন বলেন, ‘সে অসাধারণ ব্যাটিং করেছে। আমাদের বোলারদের কোনো ক্লু ছিল না যে কীভাবে ঘুরে দাঁড়াবে। কৃতিত্ব তাকে দিতেই হয় যে অসাধারণ ইনিংস খেলেছে।’

এশিয়ান গেমসে এবার স্বর্ণপদক জয়ের স্বপ্ন নিয়ে জাপান গেলেও ফিরতে হচ্ছে খালি হাতে। এ নিয়ে হতাশ লিটন বলেন, ‘খুবই খারাপ (ফল হয়েছে)। এখানে অনেক বড় লক্ষ্য নিয়ে এসেছিলাম। সেটা যখন হয়নি, আরেকটা (ব্রোঞ্জ জেতার) বিকল্প ছিল। সুযোগটা আমরা মিস করেছি। ভালো ক্রিকেট খেলতে পারিনি।’

নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আমার পারফরম্যান্স নট আপ টু দ্য মার্ক। আমি দুটো ম্যাচেই ভালো পারফরম্যান্স করতে পারিনি।’

এমন স্বীকারোক্তির পর তার অধিনায়ক হিসেবে পদত্যাগ নিয়েও প্রশ্ন হয়। তবে লিটন বলেন, ‘পদত্যাগ করতে চাই না। ক্রিকেটে উত্থান-পতন থাকে। একদিন ভালো হবে, একদিন খারাপ হবে। এখানে পদত্যাগের তো কিছু নেই।’

জাপানে ক্রিকেট দলের এমন বিপর্যয়ে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব পালন করা মোহাম্মদ সালাহউদ্দীন। তিনি বলেন, ‘আমরা আসলে খুবই লজ্জিত। কোচ হিসেবে মনে করি আমরা ব্যর্থ হয়েছি। জাতির কাছে যে প্রত্যাশার কথা জানিয়েছিলাম, আমরা সেটার কিছুই করতে পারিনি। খুবই হতাশাজনক। আমরা লজ্জিত এবং পুরো জাতির কাছে ক্ষমাপ্রার্থী।’

আরও