আজ বোস্টনে কি গতবারের পুনরাবৃত্তি, নাকি প্রতিশোধ? উত্তাপের এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়ে মরক্কো। পর্তুগাল ও স্পেনের মতো বড় দলকে কাঁদিয়ে সেমিতে ওঠা মরক্কোর সেই রূপকথার গল্প থামিয়ে দেয় ফ্রান্স। থিও হার্নান্দেজ ও কোলো মুয়ানির গোলে সহজ জয়ে ফাইনালে ওঠে ব্লুজরা। আজ সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ আফ্রিকান চ্যাম্পিয়নদের সামনে।
প্রায় সাড়ে তিন বছর আগের সেই ‘আন্ডারডগ’ মরক্কো এবার ‘শক্তিশালী’ দল হিসেবে আবির্ভূত হয়েছে। দলটি বর্তমান আফ্রিকান চ্যাম্পিয়নও। অন্যদিকে, হট ফেভারিট ফ্রান্সের লক্ষ্য তৃতীয় শিরোপার পথে আজ আরেকটি বাধা ডিঙিয়ে যাওয়া।
কাতার বিশ্বকাপের সেই লড়াইয়ের পর দুই দলেই এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। কাতারে খেলা সেই মরক্কো দলের টিকে আছেন মাত্র চারজন। বদলে যাওয়া মরক্কোর প্রধান অস্ত্র গতি আর সাহসী ফুটবল। কানাডাকে ৩-০ গোলে হারিয়ে আসা ‘অ্যাটলাস লায়ন্স’দের সামনে আজ কিলিয়ান এমবাপ্পেদের অগ্নিপরীক্ষা। ফরাসিরা চলতি মিশনে টানা পাঁচ ম্যাচ জিতলেও শেষ ষোলোয় প্যারাগুয়ে তাদের সহজে জিততে দেয়নি।
মরক্কোর বিপক্ষে কি স্বরূপে ফিরবে দিদিয়ের দেশমের দল? আজ জিতলে মাত্র তৃতীয় দল হিসেবে টানা তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনালে উঠে যাবে ফ্রান্স।
ফ্রান্সের তারুণ্যনির্ভর দলটি সমীহ জাগানো। তরুণ উইলিয়াম সালিবা, সৃষ্টিশীল মায়েস্ত্রো মাইকেল অলিসে আর ব্র্যাডলি বারকোলারা ফ্রান্সকে অপ্রতিরোধ্য এক শক্তিতে পরিণত করেছে। সেই সঙ্গে গতবারের মতো এবারো অবিশ্বাস্য ফর্মে রয়েছেন অধিনায়ক এমবাপ্পে। আক্রমণের ধার বাড়িয়েছেন ব্যালন ডি’অরজয়ী ওসমান দেম্বেলে। গ্রুপ পর্বে নরওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করা দেম্বেলেও নিজের সেরা দিনে প্রতিপক্ষের জন্য ভয়ংকর হতে পারেন।
মরক্কোও কি ছেড়ে কথা বলবে? দলটি ৩৪ ম্যাচে অপরাজিত। গত আফকন ফাইনাল থেকে তারা ১০ ম্যাচে অপরাজিত। অত্যন্ত ধারাবাহিক আর আত্মবিশ্বাসী এ দলটির সঙ্গে দুর্দান্ত লড়াই হতে পারে ফ্রান্সের। যদিও ইতিহাস ফরাসিদের পক্ষেই কথা বলবে। মরক্কো যে কখনই ফ্রান্সকে হারাতে পারেনি। এছাড়া ফরাসিরা টানা সাত ম্যাচে ও সর্বশেষ ১২ ম্যাচের মধ্যে ১১টিতে হারেনি।
একটি পরিসংখ্যান আশা দেখায় মরক্কোকে। চলতি শতাব্দীতে বিশ্বকাপে ফ্রান্সের হারের অর্ধেকই এসেছে আফ্রিকার দলের বিপক্ষে। এ সময় ছয়টি হারের মধ্যে তিনটি তারা হেরে যায় আফ্রিকার কোনো না কোনো দলের কাছে।
মরক্কো-ফ্রান্স লড়াইয়ে ব্যবধান গড়ে দিতে পারেন ২৭ বছর বয়সী এমবাপ্পে। গত বিশ্বকাপে আট গোল করা এ ফরওয়ার্ড এবার পাঁচ ম্যাচেই করেছেন সাত গোল। মেসির সঙ্গে গোল্ডেন বুটের রেসে ভালোভাবেই আছেন তিনি। সেই সঙ্গে বিশ্বকাপে ১৯ গোল করে দুইয়ে অবস্থান করছেন, আর ২১ গোল করা মেসির ঘাড়ে নিশ্বাস ফেলছেন।
সাম্প্রতিক ফর্মের বিচারে বলাই যায়, বোস্টনে আজ তুমুল লড়াই হতে পারে মরক্কোর ডিফেন্স ও ফ্রান্সের আক্রমণভাগের মধ্যে।