বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আগামীকাল ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হতে যাওয়া এ টেস্টে ট্রাভিস হেডের সঙ্গে ওপেন করবেন ম্যাট রেনশ।
প্রথম টেস্টে ওপেনিংয়ে ব্যাট করে দুই ইনিংসে ২৩ ও শূন্য রান করা জেক ওয়েদারাল্ডকে বাদ দিয়ে একাদশে জায়গা পেয়েছেন রেনশ।
২০২৩ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছিলেন রেনশ। সেবার মিডল অর্ডারে ব্যাট করেছিলেন তিনি। এবার অবশ্য নিজের পুরনো পজিশন ওপেনিংয়ে ফিরছেন এই ব্যাটার। ২০১৬-১৭ মৌসুমে ওপেনার হিসেবেই টেস্ট অভিষেক হয়েছিল তার।
রেনশ ছাড়া অস্ট্রেলিয়ার একাদশে আর কোনো পরিবর্তন নেই। ডারউইনে প্রথম টেস্টেও একই দল খেলেছিল। ওই ম্যাচে ৯ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার একাদশে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন নাথান লায়ন। পেস আক্রমণে আছেন অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন বিউ ওয়েবস্টার। ফলে স্কট বোল্যান্ডকে একাদশের বাইরে থাকতে হচ্ছে।
আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
একনজরে অস্ট্রেলিয়ার একাদশ: ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড।