প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) মিডফিল্ডার ওয়ারেন জাইরে-এমেরি নতুন ইতিহাস গড়েছেন। শনিবার আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিতেছে দলটি। এর মাধ্যমে জাইরে-এমেরি চ্যাম্পিয়ন্স লিগের দুটি ফাইনাল জেতা সর্বকনিষ্ঠ ফুটবলার হয়েছেন। খবর রয়টার্স।
ফরাসি জাতীয় দলের এ খেলোয়াড় বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে বদলি হিসেবে মাঠে নামেন। নির্ধারিত সময় ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে আর্সেনালকে ৪-৩ ব্যবধানে হারায় পিএসজি। এর ফলে ২০ বছর ২ মাস বয়সে টানা দ্বিতীয় মৌসুমের মতো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি উঁচিয়ে ধরেন জাইরে-এমেরি।
গত মৌসুমে ইন্টার মিলানের বিপক্ষে পিএসজির ৫-০ গোলের বড় জয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য খেলেছিলেন জাইরে-এমেরি। ফাইনাল জয়ের ক্ষেত্রে তিনি এখন অতিক্রম করেছেন আয়াক্স আমস্টারডামের সাবেক মিডফিল্ডার জোহান নিসকেন্সকে। ১৯৭০-এর দশকে নিসকেন্স ২০ বছর ৮ মাস বয়সে তার দ্বিতীয় ইউরোপিয়ান কাপ (বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ) ফাইনাল জিতেছিলেন।
ফলে চ্যাম্পিয়ন্স লিগ যুগ ও ইউরোপিয়ান কাপের ইতিহাস মিলিয়ে দুটি ফাইনাল জয়ের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এখন ওয়ারেন জাইরে-এমেরির নামই শীর্ষে উঠে এসেছে।