সিলেট টেস্টে তাওহীদ হৃদয়ের বীরোচিত ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশ ৩০ রানের লিড নিলেও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ। আলোকস্বল্পতায় আজ রোববার চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট আগেই শেষ হয়ে যায়। এর আগ পর্যন্ত সফরকারীরা ৩ উইকেটে ৩৪৫ রান সংগ্রহ করেছে। তাদের লিড ৩১৫ রানের। কাভেম হজ ১৪০ ও আমির জাঙ্গু ২০ রানে অপরাজিত রয়েছেন।
সোমবার পঞ্চম ও শেষ দিন বাংলাদেশ পড়তে যাচ্ছেন কঠিন চ্যালেঞ্জের মুখে। ক্যারিবীয়রা এই রানেই ইনিংস ঘোষণা করবে, নাকি লিডটা আরেকটু বড় করবে, তা জানতে অপেক্ষা করতে হবে সকাল পর্যন্ত। তবে এখন পর্যন্ত যা লিড তাতে এই টেস্ট জিততে হলে নিজেদের রান তাড়ার নতুন রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে।
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ইনিংসে ২১৫ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। বাংলাদেশ আর কোনো ম্যাচ ২০০ রানের বেশি তাড়া করে জিততে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের লিড এরই মধ্যে তিনশ পেরিয়ে গেছে। তাই এই টেস্টে জিততে হলে রান তাড়ায় রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে।
আজ ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটারকে আউট করতে পেরেছেন বাংলাদেশের বোলাররা। সাজঘরে ফিরে গেছেন জসুয়া দ্য সিলভা (৩৬), ব্র্যান্ডন কিং (৬১) ও কেভিন উইকহ্যাম (৭৮)। তাইজুল ইসলাম দুটি ও মেহেদী হাসান মিরাজ একটি উইকেট নেন। ৭৯ ওভারের দিনে স্বাগতিক দলের বোলিং সাফল্য বলতে এটুকুই।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৩৫৬ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ৩৮৬ রানে অলআউট হয়।
আজ দুর্দান্ত এক সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের লিড বড় করেন কাভেম হজ। ১৯ টেস্টের ক্যারিয়ারে এটা তার তৃতীয় সেঞ্চুরি। আজ ১৪২ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। এ পথে ১১টি চার ও ১টি ছক্কা মারেন।
এর আগে ২০২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যামে ১২০ ও ২০২৫ সালে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৩ রান করেন ৩৩ বছর বয়সী এ ব্যাটার।
ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ বাঁচাতে এই টেস্ট জিততেই হবে বাংলাদেশকে।