উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে শিরোপা ধরে রাখল পিএসজি

দীর্ঘদিন বিপুল অর্থব্যয়ের পরও ‘আকর্ষণীয় কিন্তু ব্যর্থ’ দল হিসেবে সমালোচিত হয়ে আসছিল পিএসজি। এখন লুইস এনরিকের অধীনে ইউরোপীয় ফুটবলের অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়েছে

চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর এক ফাইনাল খেলল পিএসজি। আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল দলটি। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে সমতায় ছিল।

বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় গতকাল রাতে অনুষ্ঠিত ফাইনালে আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েলের শট বার ঘেঁষে বাইরে চলে গেলে পিএসজির শিরোপা নিশ্চিত হয়। ২০১৬-১৮ সালে টানা তিনবার শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। এরপর প্রথম দল হিসেবে টানা ট্রফি ধরে রাখল ফরাসি ক্লাবটি।

দীর্ঘদিন বিপুল অর্থব্যয়ের পরও ‘আকর্ষণীয় কিন্তু ব্যর্থ’ দল হিসেবে সমালোচিত হয়ে আসছিল পিএসজি। এখন লুইস এনরিকের অধীনে ইউরোপীয় ফুটবলের অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়েছে।

ম্যাচ শেষে লুইস এনরিকে বলেন, ‘গত বছরের তুলনায় এবারের শিরোপা আরো বেশি মূল্যবান। কারণ আমরা জানতাম আর্সেনালের বিপক্ষে খেলাটা কতটা কঠিন হবে। একটি ক্লাব ও একটি শহরের জন্য এটি অবিশ্বাস্য অর্জন। পুরো মৌসুম বিবেচনায় আমরা শিরোপার যোগ্য ছিলাম। ফাইনালটি ছিল সত্যিকারের লড়াই।’

অন্যদিকে, পরাজয়ে ভেঙে পড়লেও দলের পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করেন আর্সেনালের মিডফিল্ডার ডেকলান রাইস।

তিনি বলেন, ‘টাইব্রেকারে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হারাটা হৃদয়বিদারক। তবে দল হিসেবে আমরা কতটা এগিয়েছি, সেটিও দেখতে হবে। অসাধারণ একটি মৌসুম কেটেছে। আমরা শেষ পর্যন্ত সবকিছু উজাড় করে দিয়েছি। টাইব্রেকার অনেকটাই ভাগ্যের বিষয়।’

২২ বছর পর প্রিমিয়ার লিগ জয়ের মাত্র ১১ দিন পর ইউরোপের সবচেয়ে বড় মঞ্চেও শিরোপার স্বপ্ন দেখছিল আর্সেনাল। ম্যাচের ষষ্ঠ মিনিটে কাই হাভার্টজ গোল করে দলকে এগিয়ে দেন। প্রথম এক ঘণ্টা পিএসজির আক্রমণভাগকে কার্যত আটকে রাখে তারা।

তবে ৬৫তম মিনিটে উসমান দেম্বেলের পেনাল্টি গোলে সমতা ফেরে। এরপর ম্যাচের গতি আরো বেড়ে যায় এবং শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে।

লুইস এনরিকের অধীনে পিএসজি এখন পর্যন্ত খেলা ছয়টি টাইব্রেকারেই জয় পেয়েছে। কোচ হিসেবে ৫৬ বছর বয়সী এনরিকে পরিচালিত ১৩টি এক ম্যাচের ক্লাব ফাইনালের মধ্যে ১২টিতেই জিতেছেন।

আরও