টেস্ট থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা মাহমুদউল্লাহর

গত জুলাইয়ে দীর্ঘ ১৬ মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে ফিরে হারারে টেস্টে ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন। মহাকাব্যিক সেই ইনিংস খেলে মাহমুদউল্লাহ রিয়াদ সতীর্থদের জানিয়ে দেন, অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি।

আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। আজ বুধবার রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, টেস্ট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের কথা বলেছেন তিনি।

এর আগে গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। মহাকাব্যিক সেই ইনিংস খেলার পর অবসরের সিদ্ধান্তের কথা সতীর্থদের জানান তিনি। কিন্তু এরপরে আর কোনো সিদ্ধান্তের কথা জানাননি মাহমুদউল্লাহ। ২২০ রানের রেকর্ড গড়া ব্যবধানে জয়ের ম্যাচটিতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছিলেন তিনি। দলও জয়টি তাকেই উৎসর্গ করে।

বাংলাদেশের হয়ে ৫০টি টেস্ট খেলেছেন মাহমুদউল্লাহ। এই ফরম্যাটে আছে পাঁচটি শতক ও ১৬টি অর্ধশতক। ৩৩.৪৯ গড়ে করেছেন ২৯১৪ রান। টেস্টে বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ। পার্ট টাইম বোলিংয়ে নামের পাশে আছে ৪৩টি উইকেটও। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে টেস্টে দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি।

আরও